
মমতার ডাকে এবার বাংলায় প্রচার করতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। দ্বিতীয় দফা নির্বাচনের আগে আগামী ২৬ এবং ২৭ তারিখে বঙ্গে প্রচার করবেন আম আদমি প্রধান। তৃণমূলের হয়ে জনসভা করবেন তিনি। যদিও কোন কোন কেন্দ্রে কেজরিওয়াল প্রচার করবেন, সেই শিডিউল এখনও মেলেনি।
বাংলায় নির্বাচন শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। প্রথম দফা নির্বাচনের আগের দিনই ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমোকে। দু'জনের এই ফোনালাপের কথা জানিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
কেজরিওয়াল মনে করছেন, 'মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন।' তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই লড়াই শুধু মমতার নয়, এটি ভারতের গণতন্ত্রের রক্ষার লড়াই।' তিনি আরও বলেন, 'জাতীয় নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, কিন্তু তাতেও BJP-র লাভ হবে না।' এমন সমর্থন স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। INDIA জোটের অন্যতম দল আম আদমি পার্টি। তাদের তরফে এ হেন অল আউট সমর্থন, স্বাভাবিক ভাবেই INDIA-র অন্যতম শরিক তৃণমূলকে চাঙ্গা করেছে। যেখানে খোদ কংগ্রেস এবং তৃণমূল বঙ্গের ভোটে মুখোমুখি লড়ছে।
আবার INDIA জোটের অপর সঙ্গী DMK-ও তামিলনাড়ুর ভোটে ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই লড়ছে। তাদের সমর্থনে ইতিমধ্যেই তামিলনাড়ুতে গিয়ে প্রচার সেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে BJP-র বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় সরকার প্রশাসনিক সংস্থাগুলোকে বিরোধীদের চাপে রাখতে ব্যবহার করছে, এ কথাও তোলেন তিনি।