
ভোটের সকালে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী বিধানসভা কেন্দ্র। ভোটগ্রহণের মাঝেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ৭৬ নম্বর বুথে। অভিযোগ ওঠে, ওই বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন BJP প্রার্থী বিকাশ সর্দার। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্রও কেড়ে নেওয়ার চেষ্টা হয়।
এলাকার কয়েকজন প্রত্য়ক্ষদর্শীর দাবি, ভোট চলাকালীন বুথে BJP প্রার্থী বিকাশ সর্দার পৌঁছতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চোখের পলক পড়তে না পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং BJP প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হয়। বিকাশ সর্দারের অভিযোগ, শুধু গাড়িতে ভাঙচুর করেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীদের থেকে আগ্নেয়াস্ত্রও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তারা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ সর্দার।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত নাটক এবং ভোটের দিন অযথা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। শাসক দলের নেতাদের বক্তব্য, বাসন্তীতে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।