Advertisement

জেলায় জেলায় 'অন্নপূর্ণা ভাণ্ডারে'র ফর্ম বিলি বিজেপির, বিধিভঙ্গের নালিশ

ভোটের মুখে জেলায় জেলায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছে বিজেপি। মহিলাদের ৩ হাজার টাকা করে প্রতিমাসে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তাতে। নির্বাচনি আচরণবিধি জারি থাকা সত্ত্বেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম বিলিকে ঘিরে হাওড়া সহ একাধিক জেলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 10:24 AM IST
  • ভোটের মুখে জেলায় জেলায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছে বিজেপি।
  • মহিলাদের ৩ হাজার টাকা করে প্রতিমাসে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তাতে।

ভোটের মুখে জেলায় জেলায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছে বিজেপি। মহিলাদের ৩ হাজার টাকা করে প্রতিমাসে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তাতে। নির্বাচনি আচরণবিধি জারি থাকা সত্ত্বেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম বিলিকে ঘিরে হাওড়া সহ একাধিক জেলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই ঘটনাকে সরাসরি বিধিভঙ্গ বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের অভিযোগ, শুক্রবার সকালে রামকৃষ্ণপুরঘাট সংলগ্ন আপার ফোরশোর রোডে একটি অস্থায়ী ক্যাম্প খুলে ভারতীয় জনতা পার্টি-র মহিলা মোর্চার কর্মীরা মহিলাদের মধ্যে ফর্ম বিলি করেন। দাবি করা হয়, ওই ফর্ম পূরণ করে জমা রাখলে ভবিষ্যতে বিজেপি সরকার গঠন করলে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি, এই সুবিধা পেতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে ভোট দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ।

এই অভিযোগের ভিত্তিতে তৃণমূল জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্প বন্ধ করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

তৃণমূলের হাওড়া জেলা চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, নির্বাচনি বিধি কার্যকর থাকা অবস্থায় কোনও রাজনৈতিক দল কীভাবে ক্যাম্প খুলে সরকারি প্রকল্পের নামে ফর্ম বিলি করতে পারে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। তাঁর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বিজেপির মহিলা মোর্চার হাওড়া জেলা সভানেত্রী সুইটি সাউ ফর্ম বিলির বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০০টি ফর্ম বিতরণ করা হয়েছে। তাঁর দাবি, ভবিষ্যতে বিজেপি সরকার গঠন করলে এই প্রকল্প চালু করা হবে, এই আশ্বাস দিয়েই ফর্ম পূরণ করতে বলা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement