Advertisement

Ajay Pal Sharma: IPS অজয়ের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ নয়, কী জানাল কলকাতা হাইকোর্ট

উত্তরপ্রদেশ থেকে আসা IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তাঁর অভিযোগ, এই অফিসার আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। যদিও কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতেই চাইল না।

অজয় পাল শর্মাঅজয় পাল শর্মা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 4:50 PM IST
  • IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ
  • অফিসার আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ
  • কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতেই চাইল না

খবরের শিরোনামে এখন IPS অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করে নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশের এই এনকাউন্টার স্পেশালিস্টকে। ইতিমধ্যেই ভোটাদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে ফলতার TMC প্রার্থী জাহাঙ্গির খানকে দেওয়া তাঁর হুঁশিয়ারির ভিডিও ভাইরাল হয়েছে। এ হেন 'এনকাউন্টার স্পেশালিস্ট' অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপই করল না। 

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি এবং অফিস এলাকায় গিয়ে তিনি ধমকাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের। উত্তরপ্রদেশ থেকে আসা এই পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী।  তাঁর অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন অজয় পাল শর্মা। সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছেন। পাশাপাশি, আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন বলেও অভিযোগ করেন। 

এর পাশাপাশি ওই আইনজীবী হাইকোর্টে জানান, IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে উত্তরপ্রদেশেও একাধিক মামলা রয়েছে। ফলত তাঁকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়ার আর্জি রাখেন তিনি। 

কিন্তু জানা গিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায় জানিয়েছেন, ২৯ এপ্রিল পর্যন্ত আদালত নির্বাচনের দায়িত্বে যাঁরা রয়েছে, তাঁদের কারও কোনও কাজের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আর সেদিনই বাংলায় দ্বিতীয় দফা ভোট।  প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে হাইকোর্ট। নির্বাচনের পরে এই মর্মে মামলা করা যেতে পারে বলেও পরামর্শ হাইকোর্টের। 

তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, জাহাঙ্গির কিংবা তাঁর লোকজন ভোটারদের কাউকে ভয় দেখাননি। মিথ্যা অভিযোগ এনে এলাকায় উল্টে ভয় দেখানোর চেষ্টা চলছে পুলিশ পর্যবেক্ষকের তরফে। 

 

Read more!
Advertisement
Advertisement