Advertisement

উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু নিয়ে কীভাবে? অভিষেকের অভিযোগ খারিজ করে ভিডিও প্রকাশ কমিশনের

অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 1:34 PM IST
  • হাওড়ার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রের ভিতরে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
  • ঘটনাটিকে কেন্দ্র করে অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

হাওড়ার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রের ভিতরে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।

কমিশনের প্রকাশ করা ফুটেজে দেখা যায়, ৮২ বছরের পূর্ণচন্দ্র দলুই তাঁর পুত্রের সঙ্গে ভোট দিতে বুথে প্রবেশ করেন। আঙুলে কালি লাগানোর পর লাঠির সাহায্যে ধীরে ধীরে ইভিএম-এর দিকে এগিয়ে যান তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাঁর শারীরিক অসুবিধা হচ্ছে বুঝতে পেরে পুত্র এগিয়ে এসে তাঁকে কীভাবে ভোট দিতে হয় তা দেখিয়ে দেন। এরপর কিছুক্ষণের মধ্যেই আচমকা ইভিএমের সামনে পড়ে যান ওই বৃদ্ধ। তৎক্ষণাৎ উপস্থিত ভোটকর্মী ও তাঁর পুত্র তাঁকে বাইরে নিয়ে যান এবং আমতা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কমিশনের বক্তব্য, গরম ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

 

এই ঘটনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ধাক্কা দেওয়া ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, ওই বৃদ্ধ ও তাঁর পুত্রকে বাহিনীর জওয়ানেরা ধাক্কা দেন, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।

তবে কমিশন সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি বা কাউকে ধাক্কা দেননি। বরং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব পালন করেছেন।

কমিশন আরও জানায়, এই ঘটনাকে ঘিরে ‘ভুল তথ্য’ ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ভোটাধিকার প্রয়োগ করার পর একজন বৃদ্ধের মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়ার বদলে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement