
ভোটের আগে অনেক ভোটারের মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরছে, ভোটার স্লিপ হাতে না পেলে কি ভোট দেওয়া যাবে? বিশেষ করে যাঁদের বাড়িতে এখনও বিএলও স্লিপ পৌঁছে দেননি বা যোগাযোগ করা যাচ্ছে না, তাঁদের মধ্যে এই নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এই বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ থাকা একেবারেই বাধ্যতামূলক নয়। অর্থাৎ, আপনার কাছে স্লিপ না থাকলেও আপনি অনায়াসেই ভোট দিতে পারবেন।
আসলে ভোটার স্লিপটি মূলত একটি সহায়ক নথি। এতে ভোটারের নাম, এপিক নম্বর, বুথের পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর লেখা থাকে। ফলে ভোটকেন্দ্রে গিয়ে নিজের নাম খুঁজে পাওয়া সহজ হয়। কিন্তু এটি কোনওভাবেই পরিচয়পত্র নয় এবং একে দেখিয়ে একা ভোট দেওয়া যায় না।
সুতরাং, ভোটার স্লিপ থাকলেও পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে না, আবার স্লিপ না থাকলেও বৈধ পরিচয়পত্র থাকলে কোনও সমস্যা হবে না।
কী নিয়ে যাবেন ভোট দিতে?
ভোট দিতে গেলে অবশ্যই একটি বৈধ সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। যেমন-
ভোটার কার্ড (EPIC)
আধার কার্ড
প্যান কার্ড
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
ব্যাঙ্ক বা ডাকঘরের ছবিযুক্ত পাসবুক
নির্বাচন কমিশন নির্ধারিত যে কোনও একটি নথি থাকলেই ভোট দেওয়া যাবে।
অনলাইনে ভোটার স্লিপ কীভাবে পাবেন?
যদি হাতে স্লিপ না পৌঁছায়, তবুও সহজেই তা অনলাইনে পাওয়া যায়।
১. ECINET অ্যাপের মাধ্যমে
অ্যাপ ডাউনলোড করে “Search Your Name in Voter List” অপশনে গিয়ে EPIC নম্বর বা মোবাইল নম্বর দিয়ে খোঁজ করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
২. SMS-এর মাধ্যমে
মোবাইল থেকে লিখুন:
ECI
এবং পাঠান ১৯৫০ নম্বরে। ফিরতি মেসেজে আপনার ভোটার সংক্রান্ত তথ্য চলে আসবে।
তাই, ভোটার স্লিপ না পাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজের নাম ভোটার তালিকায় আছে কি না তা নিশ্চিত করা এবং সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র রাখা। তাহলেই নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।