
বাংলায় নির্বাচন শুরু হতে বাকি আর হাতে গোনা মাত্র ২ দিন। তার আগে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার তিনি জানান, রাজ্যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে নির্বাচন কমিশন চেষ্টার কোনও খামতি রাখবে না।
এদিন নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে CEC বলেন, ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত এবং ভীতিপ্রদর্শনমুক্ত। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে ঘুষ বা প্রলোভন, বুথ দখলের মতো ঘটনাও কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা স্বশাসিত সংস্থার কোনও কর্মীই ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবেন না। এ বিষয়ে কড়া নজরদারি রাখা হবে।
অন্যদিকে, ছাব্বিশের নির্বাচন ঘিরে শাসকদলের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক আদায় কাঁচকলায় এসে ঠেকেছে। শাসক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েও কমিশন ও তৃণমূলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে। যদিও নির্বাচন কমিশন ও বিজেপি- দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য বিষয় হল, বাংলায় পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল। এরপর ৪ মে হবে ভোটগণনা।