
কলকাতার একবালপুরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৫ জন বিজেপিকর্মী এবং ৪ জন তৃণমূলকর্মী। এই ঘটনায় ইতিমধ্যেই ৩টি এফআইআরও দায়ের করা হয়েছে।
আসলে সোমবার রাতে একবালপুরের হোসেন শাহ রোডে একটি নির্বাচনী প্রচারসভা চলছিল বিজেপির। কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিংয়ের সমর্থনে সেই সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি।
যতদূর খবর, ওই সভা চলাকালীন বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই সময় বিজেপির পক্ষ থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয়। তারপরই চড়তে থাকে উত্তেজনা।
এই খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী রাকেশ সিং। তিনি সেখানে পৌঁছতেই উত্তেজনা আরও বাড়ে। রাকেশকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়।
এমন পরিস্থিতিতে একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাকেশ এবং বিজেপি সমর্থকেরা। তারা ধর্নায় বসে পড়ে। এই সময় আবার থানার সামনে পৌঁছে যায় তৃণমূল সমর্থকেরাও। তারাও সেখানে গিয়ে আবার স্লোগান চলতে থাকে। চলতে থাকে স্লোগান ও পাল্টা স্লোগান।
এমন পরিস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি সমর্থকেরা। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। তখন রাকেশও আক্রন্ত হন বলে অভিযোগ বিজেপির। এই সময় তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় দলের পক্ষ থেকে। তবে তাঁর চোট কতটা গুরুতর, সেই সম্পর্কে কিছুই জানা যায়নি।
যদিও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এই সংঘর্ষের মাঝে পড়ে ছয়জন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তারপরই তিনটি এফআইআর দায়ের করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এখন দেখার আরও কাউকে এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয় কি না।