
ভোটের সময় শান্তি। তবে ফলাফল সামনে আসতেই ফের 'চেনা ছন্দে' (নেতিবাচক অর্থে) ফিরছে বাংলা। একের পর এক ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। এই যেমন উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন বিজেপি সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। আর ঠিক তার কয়েক ঘণ্টা আগেই শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রাথকে খুন করা হয়। কিছু দুষ্কতী বাইকে চেপে এসে তাঁকে গুলি করে খুন করে। এরপরই বিজেপি অভিযোগ তোলে যে হার না মেনে নিতে পেরে তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে। তারপরই আবার পানিহাটিতে এই বোমা বিস্ফোরণের খবর মিলেছে।
কোথায় ঘটেছে বোমা হামলা?
পুলিশ জানিয়েছে, পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কাছে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এই কাজটা করেছে। তারা বিজেপি কর্মীদের উপর দেশি বোমা ছোড়ে। তাতেই অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে খবর।
এই ঘটনার পরই আহতদের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায় বিজেপি কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় মোটরবাইকে আসা একদল ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। তারপর পালিয়ে যায়।
বিজেপির অভিযোগ, এই হামলাকারীরা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
এক শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, 'আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এভাবেই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।'
ঘটনার পর থেকেই এলাকা চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক আরও বলেন, 'আমরা কড়া নজরদারি চালাচ্ছি এবং মানুষকে গুজব না ছড়ানোর আবেদন জানাচ্ছি। শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
মাথায় রাখতে হবে, পানিহাটির এই এলাকা থেকে সদ্য জয়ী হয়েছেন আরজি কর নির্যাতিতার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর বাড়ির কাছেই এই ঘটনা ঘটেছে। যার ফলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন দেখার পুলিশ কত তাড়াতাড়ি দোষীদের খুঁজে ব্যবস্থা নিতে পারে।