
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি হারেননি। কারচুপি করা হয়েছ। এই সিদ্ধান্তের ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। এবার তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
হিমন্ত বলেন, 'মমতা লোকভবনে না গেলে কিছু খরচ বাঁচবে। যেমন তিনি গেলে তো চা-নাস্তার জন্য খরচ হতো। সেটা আর হবে না। আর তিনি সরতে না চাইলে প্রয়োজনে তাঁকে বরখাস্ত করা যেতে পারে।'
অসমে টানা তৃতীয়বার বিজেপি-এনডিএর বড় জয়ের পর হিমন্ত বিশ্বশর্মা আজতকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, কংগ্রেসের মধ্যেই তাঁদের ধুরন্ধর রয়েছে। তাঁর দাবি, কংগ্রেসের ৩০ জন প্রার্থী এমন ছিলেন যাঁদের সঙ্গে বিজেপি ও তাঁর সুসম্পর্ক রয়েছে। এবং তাঁদের মধ্যে ৬ জন জিতে বিধানসভায় পৌঁছেছেন।
যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, কংগ্রেসের কতজন প্রার্থীকে তিনি টিকিট পাইয়ে দিয়েছিলেন? তখন তিনি বলেন, যাদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক, এমন ৩০ জন নেতাকেই কংগ্রেস টিকিট দিয়েছিল এবং তাঁদের মধ্যে ৬ জন জয়ী হয়েছেন। তিনি আরও বলেন, কংগ্রেসের কিছু বড় নেতা খোলাখুলি তাঁদের সাহায্য করেন এবং বিরোধী শিবিরেও তাঁদের কৌশলগতভাবে কাজ করতে হয়।
অসমের ১২৬ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১০২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিজেপি ৮২টি আসন জিতেছে এবং মোট ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৯২% স্ট্রাইক রেট অর্জন করেছে। তাদের সহযোগী দল অসম গণ পরিষদ ও বডোল্যান্ড পিপলস ফ্রন্ট ১০টি করে আসন জিতেছে। ২০১৬ সাল থেকে অসমে ক্ষমতায় বিজেপি। এবার জয়ের হ্যাটট্রিক করেছে তারা।