
পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। অর্থাৎ হাতে বাকি আর মাত্র ২ দিন। চলছে শেষ পর্যায়ের প্রচার। আর এমন পরিস্থিতিতেই বাংলায় এসে বিজেপির সিট সংখ্যা নিয়ে বড় দাবি করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং।
এ দিন বীরভূমে দাঁড়িয়ে তিনি বলেন, 'আমি সিট নম্বরের সম্পর্কে নির্দিষ্ট করে বলতে পারব না। তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি বিরাট সংখ্যা নিয়ে বাংলায় আসছে। বিজেপি দুই-তৃতীয়াংশ আসন নিয়েই বাংলা আসছে।'
এই প্রসঙ্গে বলি, শুধু রাজনাথ নন। এর আগেও একাধিক বিজেপি নেতা এই দাবি করেছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিজেপি ক্ষমতায় আসতে চলেছেন বলে দাবি করেছেন। এমনকী রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মুখেও এই কথা শোনা যায়।আর সেই পথেই হাঁটলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানিয়ে দিলেন এবার সংখ্যা নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে চলেছে।
পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে তৃণমূল
সোমবার রাজনাথ পশ্চিমবঙ্গের বর্তমান আর্থিক অবস্থা নিয়েও তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে টানা তিনবার সুযোগ দিয়েছেন। আমার মতে, কোনও রাজ্যের উন্নয়ন করার জন্য ১৫ বছর সময়টা খুব কম নয়। আমাদের দেশেই এমন অনেক রাজ্য আছে যেগুলি মাত্র ৫ থেকে ৮ বছরের মধ্যেই দ্রুত উন্নতি করে ফেলেছে। একসময় দেশের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল ১০ শতাংশ। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই চিত্রটা বদলে যায়। তা কমে ৫ শতাংশে নেমে এসেছে।'
তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এক ধরনের ভয় ও সন্ত্রাসের পরিবেশের মধ্যে রয়েছেন। তাঁরা এরমধ্যেই জীবনযাপন করছেন। তাই তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এবার পরিবর্তনের দাবি জানান।
তাঁর কথায়, 'এখানকার মা-বোনদের আমি আশ্বস্ত করতে চাই। আমি চাই আপনারা বিজেপির হাত শক্ত করুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আজ না হোক কাল, এটা বাস্তবায়িত হবেই।'
পাশাপাশি এ দিন আপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে মুখ খুললেন রাজনাথ। তাঁর মতে, অপারেশন সিঁদুর একটি বড় সাফল্য। এর সফলতার জন্য তিনি আমাদের দেশের সাহসী জওয়ানদের অভিনন্দন জানান।