
আর জি কর কাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভয়ার পরিবারের সঙ্গে সরাসরি দেখা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এবার সেই পরিস্থিতি বদলাতে পারে ভোটের ময়দানে। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটি কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক গুরুত্ব। এই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন নির্যাতিতা তরুণীর মা রত্না দেবনাথ। যা নিঃসন্দেহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, আগামী সপ্তাহে পানিহাটিতে নির্বাচনী প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী। রত্না দেবনাথের সমর্থনে সেখানে জনসভা অথবা রোড শো করার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কর্মসূচি ঘোষণা হয়নি, তবে খুব শিগগিরই তা নির্ধারিত হবে বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে।
প্রতি নির্বাচনের মতোই এবারও বাংলার ভোটে জোরকদমে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই রাজ্যে প্রচারে নেমেছেন। বিশেষত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটারদের আকৃষ্ট করতে স্বয়ং প্রধানমন্ত্রীই জনসভা ও রোড শো করছেন।
প্রথম দফার ভোটের আগে একাধিক কেন্দ্রে প্রচার সেরে ফেলেছেন মোদী। দ্বিতীয় দফার আগেও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে তাঁর কর্মসূচি রয়েছে। তার মধ্যেই পানিহাটি কেন্দ্রকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সূত্রের দাবি, ২৪ এপ্রিল, প্রথম দফার ভোটের পরদিনই সেখানে প্রচারে আসতে পারেন তিনি।
যদি সেই কর্মসূচি বাস্তবায়িত হয়, তবে আর জি কর কাণ্ডের পর এই প্রথম অভয়ার পরিবারের সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনকি সময় মিললে অভয়ার বাড়িতেও যেতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।