
শুভেন্দু অধিকারী। কার্যত তাঁকে সামনে রেখেই ভোটের ময়দানে লড়েছে বিজেপি। বাংলার ভোটের রায় কার্যত স্পষ্ট। ২০০-রও বেশি আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। সেই ফলাফল সামনে আসার পরই প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু।
তিনি সোশ্যাল মিডিয়ায় বাংলার ভোটারদের ধন্যবাদ জানান। এই জয় উৎসর্গ করেন বিজেপি কর্মীদের। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বাংলার মানুষের স্বপ্নপূরণের জন্য তাঁদের সরকার কাজ করবে বলেও জানান।
শুভেন্দু লেখেন, 'সোনার বাংলার জন্য এক নতুন ভোর। এই ঐতিহাসিক জনাদেশ পশ্চিমবঙ্গের মানুষের অটুট বিশ্বাসের প্রমাণ। বাংলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বের উপর রেখেছেন। অঙ্গ-কলিঙ্গ-বঙ্গ অঞ্চলে জাতীয়তাবাদী বিজেপি সরকারগুলির জন্য এই নির্ণায়ক জনাদেশ বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন দিগন্ত খুলে দেবে। আমাদের বিজেপি কর্মীরা তাঁদের রক্ত ও ঘাম দিয়ে এই জয়কে সিঞ্চিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি অটল অঙ্গীকার এবং মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাই এই সাফল্য সম্ভব করেছে। ভয় নয়, অগ্রগতিকে বেছে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আমি প্রণাম জানাই। একসঙ্গে আমরা পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তুলব।'
প্রসঙ্গত,নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই আসন থেকেই লড়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে ইতিমধ্যেই তিনি জিতেছেন ১০ হাজারেরও বেশি ভোটে। তবে ভবানীপুরে সামান্য পিছিয়ে রয়েছেন। সেখানে তিনি লড়ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন হাজারের সামান্য ভোটে এগিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।