
বুধবার সন্ধেয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বড় দাবি করে জানান, আগামী নির্বাচনে বিজেপি একাই ৬০ শতাংশ ভোট পাবে। একইসঙ্গে তিনি রাজ্যে শান্তি বজায় রাখার বার্তাও দেন। তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় আসার পর তেমন কোনও অশান্তি হয়নি। তিনি ২০২১ সালের পরিস্থিতির উল্লেখ করে বলেন, তখন হাজার হাজার এফআইআর দায়ের হয়েছিল এবং বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই প্রেক্ষিতে তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, 'শান্তি বজায় রাখুন, আইন নিজের হাতে তুলবেন না। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
শুভেন্দু আরও বলেন, এখনও কিছু দুষ্কৃতী সক্রিয় রয়েছে, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 'গুন্ডাদমন হবেই, জঙ্গলরাজকে শেষ করতে হবে', এই বার্তাও দেন তিনি।
অন্যদিকে, রাজনৈতিক পালাবদলের আবহে বাংলায় নতুন সরকারের শপথগ্রহণ নিয়েও জল্পনার অবসান ঘটেছে। অবশেষে প্রধানমন্ত্রীর ঘোষণামতো শনিবারই নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রবীন্দ্রজয়ন্তীর দিনই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে রাজ্য। জানা গিয়েছে, সকাল ১০টায় কলকাতার ব্রিগেড ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নিজে, পাশাপাশি বিজেপির একাধিক কেন্দ্রীয় শীর্ষ নেতা। তাঁদের উপস্থিতিতেই ‘ভরসার বাংলা’ গড়ার শপথ নেবেন নতুন মন্ত্রীরা। ভোটের ফল ঘোষণার দিনই দিল্লি থেকে প্রধানমন্ত্রী এই তারিখ ঘোষণা করেছিলেন। যদিও পরে শোনা যাচ্ছিল, শপথগ্রহণ রবিবারও হতে পারে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শনিবারই নির্ধারিত দিন হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
বাংলার রাজনৈতিক ইতিহাসে এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হতে চলেছে, যেখানে নতুন সরকারের হাত ধরে প্রশাসনিক দায়িত্বের সূচনা হবে এক নতুন প্রত্যাশা নিয়ে।