
ভোটপর্ব মিটতেই ফের চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্বাচন নিয়ে কমিশন ও পুলিশকে প্রশংসা করলেও, তাঁর মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত। বিশেষ করে 'পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে' মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একসময় ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেছিল তৃণমূল। সেই প্রসঙ্গ টেনেই পাল্টা খোঁচা দেন দিলীপ। তাঁর দাবি, 'যাঁরা ওঁকে ভ্যানিশ কুমার বলেছিলেন, তাঁরাই এখন ভ্যানিশ হওয়ার দোরগোড়ায়।' একইসঙ্গে নির্বাচন পরিচালনায় কমিশনকে পুরো নম্বর দেন তিনি।
দিলীপ ঘোষের কথায়, দুই দফায় নির্বাচন করা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু কমিশন তা সফলভাবে সম্পন্ন করেছে। তাঁর মতে, প্রশাসন চাইলে অনেক কিছু করতে পারে, এবার তার প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করার পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কাজ নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ তাঁর মন্তব্য, 'পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে।' এই কথার ব্যাখ্যায় তিনি বলেন, পুলিশ এখন নিরপেক্ষভাবে কাজ করতে চাইছে এবং সুযোগ পেলে নিজেদের দক্ষতা প্রমাণ করতে আগ্রহী। এই পরিবর্তনই ভবিষ্যতে বড় রাজনৈতিক বদলের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন তিনি।
এছাড়া শাসক দলকে আক্রমণ করে দিলীপ বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও এবারের নির্বাচনে তাদের কোনও ইস্যু ছিল না। এসআইআর ইস্যুতে বিরোধিতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, সবকিছুর পরও কমিশন নিজের অবস্থানে অনড় থেকেছে বলেই দাবি তাঁর।