
আরজি কর নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। আজ সকালে এমনই অভিযোগ উঠছে পানিহাটির আদর্শনগর এলাকায়।
যতদূর খবর, এ দিন সকালে ওই এলাকায় যান রত্না। সেখানে তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রত্নার দিকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। এমন পরিস্থিতিতে চুপ করে থাকেনি বিজেপিও। তাদের পক্ষ থেকেও পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান তোলা হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আসলে এবার ভোটে পানিহাটিতে প্রার্থী হয়েছেন আরজি কর নির্যাতিতার মা রত্না। তিনি আজ সকালে বুথ পরিদর্শনে বেরন। আর বুথ পরিদর্শনের সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ।
এরপরই সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিয়ে মুখ খোলেন রত্না। তিনি তৃণমূলের বিরুদ্ধে বলেন, 'আমি জানি না কী হচ্ছে। আমি জায়গায় জায়গায় বুথ পরিদর্শন করছি। আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমার নির্বাচনী এজেন্টকে মারধর করার চেষ্টা চলছে। আমাকে দেখলেই জয় বাংলা স্লোগান দিচ্ছে।'
যদিও রত্নার এই অভিযোগের পাল্টাও দিয়েছে তৃণমূল। তাদের পক্ষ থেকে দাবি, প্রচুর ভোটে হারবেন রত্না। গুন্ডাদের সঙ্গে নিয়েই তিনি এখানে এসেছেন। বিজেপি হারবে বলেই রত্না তাদের নিয়ে এসেছেন।
মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের অন্যতম চর্চিত কেন্দ্র হল পানিহাটি। এখানে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন রত্না। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। আর সিপিআইএম-এর প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্ত। তাই এই কেন্দ্রের দিকে আলাদা করে নজর রয়েছে সকলের। আর সেখানেই আজ সকালে বুথে বুথে পরিদর্শনে গিয়েছিলেন রত্না। আদর্শনগর এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
ও দিকে আজ সকালে ভোট দিয়ে আর জি কর নির্যাতিতার বাবা শেখর রঞ্জন দেবনাথ স্ত্রী রত্না জিতবেন বলে জানিয়ে দেন। তাঁর মতে, এটা খুব দুর্ভাগ্যজনক যে মেয়ের ন্যায়বিচারের জন্য এই পথ বেছে নিতে হল। তবে এই সিট বিজেপি জিতবে। মেয়ের ন্যায়বিচারও মিলবে বলে প্রত্যয়ী তিনি।