
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ঘিরে ইতিবাচক বার্তা দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়া এবং রেকর্ডসংখ্যক ভোটদানের জন্য সন্তোষ প্রকাশ করে।
আদালত জানায়, কোনও বড় ধরনের হিংসা ছাড়াই এত বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। উচ্চ ভোটদানের হার যেমন মানুষের সচেতনতা ও আগ্রহকে তুলে ধরে, তেমনই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়াও প্রশাসনের প্রস্তুতির প্রতিফলন, এই বার্তাই উঠে আসে আদালতের পর্যবেক্ষণে।
উল্লেখ্য, ৯৩ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম দফার ১৫২টি আসনে ভোটদানের হার। শুক্রবার সকাল পর্যন্ত এই হিসাবই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যে তো বটেই, বিধানসভা নির্বাচনের নিরিখে সারা দেশে এই পরিসংখ্যান বিরল। কেউ কেউ ‘নজিরবিহীন’ বলেও দাবি করছেন।
২০১১ সাল এবং ২০২১ সালের ভোটদানের হারকে ছাপিয়ে গিয়েছে ২০২৬ সাল। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের সর্বোচ্চ হার এটাই। এর জন্য কমিশনের তরফে রাজ্যের মানুষকে ‘স্যালুট’ করেছেন তিনি। এবার দেশের সর্বোচ্চ আদালতও প্রশংসা করল বাংলার ভোটের।