
ভোটের শেষ লগ্নে রাজনীতির ময়দানে এবার নতুন সংযোজন ‘মাছ চোর’ গান। ‘মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর’, এই গান ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। আর এই গান নিয়েই মুখ খুললেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।
একটি সংবাদমাধ্যমকে শওকত মোল্লার কড়া প্রতিক্রিয়া, 'নোংরামোরও একটা সীমা থাকা উচিত। যারা এই কাজ করেছে, তারা তাদের নিচু মানসিকতার পরিচয় দিয়েছে।' যদিও এই গান কারা তৈরি করেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি, তবুও শাসকদলের দাবি, এর পিছনে রয়েছে আইএসএফ। সেই সূত্রেই নাম না করে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিকে নিশানা করেন তিনি।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, হতাশা থেকেই বিরোধীরা এই ধরনের বিশ্রী গান তৈরি করেছে। তিনি আরও বলেন, 'এই গানের যোগ্য জবাব ৪ মে ভোটের ফল প্রকাশের পর দেওয়া হবে।'
অন্যদিকে, নওশাদ সিদ্দিকিকে জনসভা থেকে কর্মীদের এই গান না বাজানোর অনুরোধ করতে শোনা গেলেও, বাস্তবে তার তেমন প্রভাব পড়েনি। বরং গানটি আরও বেশি ছড়িয়ে পড়েছে এবং জনপ্রিয়তাও বেড়েছে।
ভোটের মতো গুরুতর প্রক্রিয়ার মধ্যে এমন ব্যঙ্গাত্মক ও ব্যক্তিগত আক্রমণাত্মক গান কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে ভারতের নির্বাচন কমিশন কোনও মন্তব্য করেনি। সব মিলিয়ে, ‘মাছ চোর’ গান এখন ভোটের রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।