
West Bengal exit poll 2026: টুডেজ চাণক্যের(Today’s Chanakya) সমীক্ষা অনুযায়ী, বাংলায় বড়সড় ব্যবধানে এগিয়ে থাকতে পারে বিজেপি। সমীক্ষা বলছে, গেরুয়া শিবির প্রায় ১৯২টি আসন পেতে পারে। এর মধ্যে ১১টি আসন কমবেশি হতে পারে।
অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের সিট তুলনামূলকভাবে অনেকটাই কমতে পারে। টুডেজ চাণক্যের পূর্বাভাস অনুযায়ী, তৃণমূল প্রায় ১০০টি আসন পেতে পারে। এখানেও ১১টি আসন পর্যন্ত ওঠানামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকতে পারে রাজ্যের বর্তমান সরকার। অন্য দলগুলির কেমন ফল হবে? অন্যান্য রাজনৈতিক দল সব মিলিয়ে মোটামুটি ২টি আসন পেতে পারে। এমনই বলছে বুথ ফেরত সমীক্ষা।
বিভিন্ন এগজিট পোল বের হতেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে চর্চা। বিভিন্ন দলের নেতা-কর্মীরা নিজেদের মতো করে হিসেব কষতে শুরু করেছেন। তবে তৃণমূল শিবির বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ।
বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় মমতা দাবি করেন, 'তৃণমূল ২২৬টি আসন পেরোবে। সংবাদমাধ্যমে যা প্রচার করছে তা বিজেপির নির্দেশে হচ্ছে। বিজেপি গতকাল দুপুর ১টা বেজে ৮ মিনিটে খবরের চ্যানেলগুলোকে বিজেপির জয় দেখানোর জন্য একটি সার্কুলার জারি করেছিল। টাকা দিয়ে বলেছিল যাতে এটা দেখানো হয়।' বিজেপি জিতছে না দেখালে শেয়ার বাজারে ধস নামবে। তাই এটি করা হয়েছে বলে দাবি করেন মমতা
উল্লেখ্য, এগজিট পোল মূলত ভোট দিয়ে বেরোনো ভোটারদের মতামতের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে এটি চূড়ান্ত ফল নয়, বরং একটি সম্ভাব্য চিত্র মাত্র। অতীতেও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, এগজিট পোলের সঙ্গে আসল ফলাফলের বড়সড় ফারাক থেকেছে। তাই এই সমীক্ষা যতই আলোড়ন ফেলুক, আসল ফলাফল ৪ মে-ই জানা যাবে।