বিজেপির প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযুক্তদের ভিডিও দেখে চিহ্নিত করার সময় স্থানীয় এক তৃণমূল নেতাকে সপাটে চড় মারলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ভাইরাল হয়েছে তৃণমূল নেতাকে চড় মারার ভিডিয়ো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক চড় মারতে পারেন কি না, সেই প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল। ঘটনাটি ঘটেছে সবংয়ের ৫ নম্বর সারতা অঞ্চলের ছিনা এলাকায়। বিজেপির অভিযোগ, ওই এলাকায় বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেন স্থানীয় তৃণমূল নেতারা। অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিজেপির প্রচারে বাধা কারা দিয়েছিলেন, ভিডিও দেখে শনাক্ত করছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। স্থানীয় এক তৃণমূল নেতাকে ডেকে জিজ্ঞাসা করেন, ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনিই কি না। স্থানীয় তৃণমূল নেতা ঘাড় নেড়ে সম্মতি জানাতেই সপাটে চড় মারেন কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিক। সেই চড় মারার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।