শিবপুরের চৌড়াবস্তি এলাকায় বোমাবাজির ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় বিজেপির দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। বুধবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, এলাকার তৃণমূল নেতা শামিম আহমেদের নেতৃত্বে তৃণমূলকর্মীরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়। অভিযোগ, প্রথমে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। এরপর ইট-পাটকেল ছোড়া হয় এবং একাধিক বোমা ফাটানো হয় এলাকায়। আচমকা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেন। ঘটনায় বিজেপির দুই কর্মী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও এলাকায় টহল দিতে দেখা যায়। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা শিবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুলিশ প্রথমে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।