পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন আইপিএস অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে তাঁর নিয়োগ ঘিরে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা ঋজু দত্ত সরাসরি অভিযোগ করে বলেন, এই অফিসার বিতর্কিত অতীতের জন্যই পরিচিত এবং তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের দাবি, উত্তরপ্রদেশে কর্মরত থাকাকালীন একাধিক ‘এনকাউন্টার’-এর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে, যা নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নয়, ২০২০ সালে রামপুরে পুলিশ সুপার থাকার সময় তাঁকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে একটি অভ্যন্তরীণ তদন্তে নগদ টাকার বিনিময়ে পোস্টিং সংক্রান্ত অভিযোগও উঠে আসে। সেই ঘটনার পর বিশেষ তদন্ত দল (SIT) গঠন করে তদন্তের সুপারিশ করা হয়। এই প্রেক্ষাপটে ভোটের সময় এমন একজন অফিসারকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। তাদের অভিযোগ, এতে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই সংশয় তৈরি হতে পারে। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া মেলেনি।