দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রের বাহিরপুয়া কুরকুরিয়া এফ.পি. স্কুলে পুনর্নির্বাচনে দিন সকাল থেকেই চোখে পড়েছে ভোটারদের লম্বা লাইন। ২৩০, ২৩১ এবং ২৩২ নম্বর বুথের সামনে পুরুষ ও মহিলা ভোটারদের ভিড় প্রমাণ করে দিচ্ছে, সমস্ত বিতর্ক ও অশান্তির পরও সাধারণ মানুষের ভোটদানে আগ্রহ একটুও কমেনি। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী শামিম আহমেদ, বিজেপির গৌরসুন্দর ঘোষ এবং কংগ্রেসের আব্দুল মজিদ হালদার, তিনজনকেই ঘিরে চলছে ভোটের সমীকরণ। স্থানীয়দের মতে, এই কেন্দ্রের ফল অনেকটাই নির্ভর করবে গ্রামীণ এলাকার ভোটারদের উপর। রিপোল ঘিরে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, তেমনই রয়েছে ক্ষোভ ও প্রত্যাশার মিশেল। ভোটার সুশান্ত জানান, আগের ভোটে কিছু সমস্যা হয়েছিল বলেই আবার ভোট হচ্ছে। তাঁর দাবি, এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নতি জরুরি। পাশাপাশি প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে তিনি বলেন, পরিবর্তন দরকার। অন্যদিকে ভোটার মাদার মোল্লা এলাকার পরিকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তাঁর মতে, এখনও পর্যন্ত এখানে ঠিকঠাক রাস্তা নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই, এমনকী একটি হাই স্কুলও গড়ে ওঠেনি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার এলে এই সমস্যাগুলির সমাধান হবে। একই সঙ্গে তিনি চান এলাকায় সম্প্রীতি বজায় থাকুক এবং রাজনৈতিক উত্তেজনা কমুক।