
২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট মোটের ওপর নির্বিঘ্নে হয়েছে বলা চলে। এখন সবার নজর ২৯ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের দিকে। হাতে সময় একেবারেই কম। সব রাজনৈতিক দলের প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যারাকপুর থেকে এবারেও তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। বিধায়ক-পদ ফেরাতে ব্যারাকপুরেই পড়ে রয়েছেন তিনি। এবার রাজ-রাজস্ব ফিরিয়ে আনতে ময়দানে নামতে চলেছেন রাজ-ঘরণী তথা টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার রাজের হয়ে প্রচার করবেন শুভশ্রী।
একুশের বিধানসভা নির্বাচনেও ব্যারাপুরের রোড শোয়ে হাইভোল্টেজ প্রচারে নজর কেড়েছিলেন শুভশ্রী। এবার ছাব্বিশের নির্বাচন প্রচারের শেষ লগ্নে রাজের পাশে থাকবেন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা। জানা গিয়েছে, ২৬ এপ্রিল, রবিবার দুপুর ৩টে থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন শুভশ্রী। রাজ-শুভশ্রীর রোড শো লালকুঠি থেকে শুরু হয়ে যাবে মাধব নিবাস পর্যন্ত। গতবারের প্রচার মিছিলে শুভশ্রীর সঙ্গে দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। টলিউডের এই পাওয়ার কাপলকে দেখতে ব্যারাকপুরের রাস্তায় যে মানুষের ঢল নামবে তা নতুন করে বলার কিছু নেই।
একুশের বিধানসভা ভোটে বারাকপুর কেন্দ্রে জিতে প্রথম বিধায়ক হন রাজ চক্রবর্তী। এবারও সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের যোদ্ধা পরিচালক। প্রতিপক্ষ কৌস্তভ বাগচীকে নিয়ে ভাবতে নারাজ রাজ। পরিচালনার সঙ্গে সঙ্গে নিজের কেন্দ্রের দায়িত্ব সামলাতে হয় তাঁকে। তৃণমূল কংগ্রেসও খুশি রাজের কাজে। আর তাই তাঁকে দ্বিতীয়বার টিকিট দেওয়া হয়েছে। নিজের কাজ ও রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাজ নিছকই ফ্যামিলি ম্যান বলা চলে। স্ত্রী শুভশ্রী ও দুই সন্তানকে নিয়ে রাজের সুখের সংসার। ‘রাজু’ থেকে ‘রাজ’- বহিরাগত হিসেবে টলিউডে পা রেখেই মূলধারার বাণিজ্যিক সিনেমার সুবাদে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন।
অপরদিকে, রাজ রাজনীতিবিদ হলেও শুভশ্রী পুরোদস্তুর নিজের অভিনয় পেশা নিয়েই ব্যস্ত। একাধিকবার তাঁর কাছে রাজনীতিতে আসার প্রস্তাব এলেও তা নায়িকা খারিজ করে দিয়েছেন। দুই সন্তান ও অভিনয় এই নিয়েই ভাল থাকতে চান নায়িকা। এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছিলেন যে শুভশ্রী রাজনীতিতে আসবেন না কারণ তাঁদের দুটো ছোট ছোট সন্তান রয়েছে। আর দুজনেই রাজনীতিতে চলে এলে সমস্যা দেখা দিতে পারে।