
Mamata Banerjee On BJP: লোকসভা ভোটের মুখে নদিয়ার মাটি থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাকাশিপাড়ার বেথুয়াডহরী জেসিএম হাইস্কুলের মাঠের জনসভা থেকে তাঁর বিস্ফোরক দাবি, ভিন রাজ্য থেকে লোক এবং কেন্দ্রীয় বাহিনী আনিয়ে ভোট লুঠের নীল নকশা তৈরি করেছে গেরুয়া শিবির। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে নেত্রী বলেন, "অযোধ্যা থেকে ২০০ গাড়ি করে সিআরপিএফ আনা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই ছলনা মাত্র ১৫ দিনের। ভয় পাবেন না, ভয় পেলেই ওরা মাথায় চড়বে।"
এদিন তৃণমূল নেত্রীর নিশানায় ছিল কেন্দ্রীয় এজেন্সি এবং নির্বাচন কমিশনও। তাঁর অভিযোগ, বাংলার অফিসারদের সরিয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে আইএএস-আইপিএসদের নিয়ে এসে নাকা চেকিং বন্ধ করে টাকার বান্ডিল ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমার কাছে সব প্রমাণ আছে, সময়মতো ভিডিও ক্যাসেট বের করে দেব। অস্ত্র নিয়ে ঢুকে বাংলার মানুষের ওপর হামলার ছক কষছে ওরা। দাঙ্গা বাঁধানোর চেষ্টা হলে কড়া হাতে মোকাবিলা করা হবে।" এদিন তিনি বিএসএফ বা সিআইএসএফ-এর কোনও অন্যায় আবদার সহ্য না করার জন্য সাধারণ মানুষকে ‘পাহারা’ দেওয়ার পরামর্শ দেন।
বাম-রাম আঁতাঁত নিয়েও সুর চড়ান মমতা। তাঁর দাবি, "আগে যারা সিপিএম করত, তারাই এখন নাম বদলে বিজেপি হয়েছে। এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।" এদিন দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর ভোকাল টনিক, 'রথযাত্রার আগে যেভাবে রাস্তা পরিষ্কার করা হয়, সেই কায়দায় ভোটবাক্সে ‘ঝাড়ু’ দিয়ে বিরোধীদের সাফ করতে হবে। একটি ভোটও যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে বাংলার নিজের অধিকার বুঝে নেওয়ার ডাক দেন তিনি'।