Advertisement

Abhishek Banerjee Amit Shah: 'মমতা বন্দ্যোপাধ্য়ায় উদার, অভিষেক নন', অমিত শাহকেও সরাসরি হুঁশিয়ারি অভিষেকের

অভিষেক বলেন, “৪ তারিখ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উদার নন।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • সবং (মেদিনীপুর),
  • 17 Apr 2026,
  • अपडेटेड 10:52 PM IST

ভোট-রাজনীতির ময়দানে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সময় ও স্থান বেঁধে চরম হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সবংয়ের তেমাথানী পল্লীশ্রী রাইস মিল মাঠের জনসভা থেকে তাঁর চ্যালেঞ্জ, “অমিত শাহ যদি বাপের ব্যাটা হন, তবে ৪ জুন কলকাতায় থাকবেন। খেলা শেষ করবে তৃণমূলই।” ভোট পরবর্তী হিংসা এবং এক মহিলার ২ বছরের শিশুকন্যাকে হুমকির অভিযোগ তুলে এদিন মেদিনীপুরের মাটি থেকে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

ঘটনার সূত্রপাত সবংয়ের সাথী ঘোড়াই কুইল্যা নামে এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে। অভিষেকের দাবি, গত রাতে সাথী এবং তাঁর ২ বছরের শিশুকন্যাকে বাড়িতে গিয়ে শাসিয়েছে বিজেপি ও বাম থেকে রামে যাওয়া ‘জল্লাদ’রা। সাথীর স্বামী শান্তনু কুইল্যাও ঘরছাড়া হওয়ার হুমকির মুখে পড়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং একজন গ্রেফতার হয়েছে। এই প্রসঙ্গেই অভিষেক গর্জে উঠে বলেন, “২ বছরের বাচ্চার সামনে একজন মহিলাকে শাসানো হচ্ছে! এরা কতটা নীচে নামতে পারে ভাবুন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে অভিষেক এদিন বলেন, “অমিত শাহ চারদিন আগে বলেছেন তৃণমূলের লোকেরা যেন ২৩ তারিখ (ভোটের দিন) বাড়ি থেকে না বের হন। মনে রাখবেন, এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি। কোনও গুজরাটি গুন্ডার কাছে এ মাটি আত্মসমর্পণ করে না।” নাম করে হুঁশিয়ারি দিয়ে অভিষেক সাফ জানান, ২১ দিন পর যখন নির্বাচন কমিশনের শাসন উঠে যাবে, তখন যারা সাথীকে চমকেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। সাথীর পায়ে ধরে ক্ষমা চাইয়ে ছাড়বেন বলেও তিনি অঙ্গীকার করেন।

এদিন বক্তৃতায় তিনি অভিযুক্তদের নামও প্রকাশ্যে আনেন। গিরিধারী মণ্ডল, অভয় মণ্ডল থেকে শুরু করে কানাই প্রামাণিক, মোট আটজনের নাম পড়ে শুনিয়ে অভিষেক বলেন, “৪ তারিখ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উদার নন।" বাম আমলের ‘সন্ত্রাসের কালো দিন’ ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আগে কংগ্রেস কর্মীদের পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হতো, সাদা থান পাঠানো হতো। এখন জার্সি বদলে সেই কাজই বিজেপি করতে চাইছে।

Advertisement

সবংয়ের উন্নয়নকে হাতিয়ার করার পাশাপাশি এদিন শাহ-কে সরাসরি ময়দানে নামার আহ্বান জানান তিনি। অভিষেক বলেন, “৪ তারিখ দুপুর ১২টার পর দেখা হবে। কত বড় গুণ্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, সব দেখে নেব।” এই প্রকাশ্য চ্যালেঞ্জ যে লোকসভা নির্বাচনের শেষলগ্নে বাংলার রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

 

Read more!
Advertisement
Advertisement