Advertisement

West Bengal Assembly Election: ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্রেই প্রার্থী হতে পারেন শুভেন্দু, মমতার কেন্দ্রে 'এপিক' লড়াইয়ের অপেক্ষা

বিজেপির দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে এই কেন্দ্রের বেশ কয়েকটি ওয়ার্ডে তারা ভালো ফল করছে। এমনকি ওই নির্বাচনে বিজেপি প্রার্থী তথাগত রায় অল্প ব্যবধানে তৃণমূল নেতা সুব্রত বক্সিকে পিছনে ফেলেছিলেন বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে।

গ্রাফিক্স: আজতক বাংলাগ্রাফিক্স: আজতক বাংলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 12:18 PM IST
  • আসন্ন নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।
  • সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী করার পরিকল্পনা করছে বিজেপি।

আসন্ন নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী করার পরিকল্পনা করছে বিজেপি। সব কিছু ঠিক থাকলে আজ, শনিবারই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে উত্তর কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলেও দলীয় সূত্রে খবর।

বিষয়টিতে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে, যদি সাহস থাকে তাহলে শুধু ভবানীপুর কেন্দ্রেই লড়াই করুক বিজেপি প্রার্থী।

অন্যদিকে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের গত চার বছরের উন্নয়নের খতিয়ানও সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। ‘উন্নয়নের খতিয়ান ২০২১-২০২৫’ নামে একটি প্রকাশনায় কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামোয় হওয়া উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। সেখানে বিভিন্ন প্রকল্প, ব্যয় এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ দিতে বিজেপি সংগঠন জোরদার করছে। সেই লক্ষ্যেই ওই বিধানসভা কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ তৈরি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া রোডে একটি বাড়ির নীচতলায় এই কার্যালয় গড়ে তোলা হয়েছে, যেখান থেকে গোটা বিধানসভা এলাকার নির্বাচনী কৌশল ও প্রচার পরিচালিত হবে।

কলকাতা পুরসভার মোট আটটি ওয়ার্ড-৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২-নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির দাবি, ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে এই কেন্দ্রের বেশ কয়েকটি ওয়ার্ডে তারা ভালো ফল করছে। এমনকি ওই নির্বাচনে বিজেপি প্রার্থী তথাগত রায় অল্প ব্যবধানে তৃণমূল নেতা সুব্রত বক্সিকে পিছনে ফেলেছিলেন বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর পরে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী থাকার সাংবিধানিক শর্ত পূরণ করেন। এবার সেই ভবানীপুরেই সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের জল্পনা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement