Advertisement

Aditi Munshi: ২ মাসের সন্তান, বাড়িতে রেখেই প্রচারে সদ্য মা অদিতি, কথা বলল bangla.aajtak.in

চলতি বছরের গোড়াতেই মা হয়েছেন গায়িকা অদিতি মুন্সী। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের বয়স মাত্র ২ মাস আর এরই মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে ফের তৃণমূলের প্রার্থী হলেন গায়িকা। একুশের বিধানসভা ভোটে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন অদিতি মুন্সী।

অদিতি মুন্সীঅদিতি মুন্সী
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 10:05 AM IST
  • চলতি বছরের গোড়াতেই মা হয়েছেন গায়িকা অদিতি মুন্সী।

চলতি বছরের গোড়াতেই মা হয়েছেন গায়িকা অদিতি মুন্সী। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের বয়স মাত্র ২ মাস আর এরই মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে ফের তৃণমূলের প্রার্থী হলেন গায়িকা। একুশের বিধানসভা ভোটে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন অদিতি মুন্সী। এবারেও তাই এই কেন্দ্র থেকে অদিতির ওপরই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মা হয়েছেন তিনি, তাই এবারের চ্যালেঞ্জটা ২০২১ সালের তুলনায় একটু বেশি। কীভাবে মাতৃত্ব ও ভোটের প্রচার সামলাবেন, bangla.aajtak.in-কে সবটা জানালেন অদিতি। 

শুক্রবার অর্থাৎ আজ থেকেই রাজারহাট-গোপালপুর কেন্দ্রে প্রচারে নামবেন গায়িকা। কীভাবে সামলাবেন সন্তান আর রাজনীতির কাজ? নতুন মা অদিতি বলেন, 'আমি কিচ্ছু ভাবিনি এখনও পর্যন্ত, সবটা ভগবানের ওপর ভরসা। তবে এটুকু বলতে পারি দায়িত্ব যখন দিয়েছে, দায়িত্বের অনর্থ হবে না। সব দায়িত্বই ঠিকঠাক করে পালন করার চেষ্টা করব। প্রচুর ওয়ার্কিং মাদার্সরা রয়েছেন, তাঁরা তাঁদের সন্তানদের সামলে কাজের জায়গাটাও সমানভাবে সামলান। আশা করছি সেটা খুব একটা অসুবিধার জায়গা হবে না।' এখন তো দায়িত্ব আরও বেড়েছে গায়িকার। মা হয়েছেন, সঙ্গে নিজের সঙ্গীতচর্চা, তার ওপর প্রচারের চাপ, স্বামী দেবরাজ চক্রবর্তী কতটা সাহায্য করছেন এ বিষয়ে? অদিতির কথায়, 'সব দায়িত্ব ঠিকঠাক পালনে দেবরাজ প্রচুরভাবে সাহায্য করছে। স্বামীর সমর্থন না থাকলে তো কিছু করা যায় না। পরিবার একটা বড় বিষয় এক্ষেত্রে। শুধু দেবরাজ নয়, আমার মা-বাবা, শাশুড়ি মা সকলে এতটাই আমায় সমর্থন করছে সবটা জুড়ে, তাই আমার এই ধরনের কাজগুলো করতে সুবিধা হচ্ছে। বরং আরও সহজ হয়ে গিয়েছে।' 

২০২৬-এর বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি প্রসঙ্গে অদিতি বলেন, 'আমার ভোটে জেতার কোনও রণনীতি থাকে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সর্বস্তরে সকল মানুষদের জন্য প্রতিনিয়ত করে যাচ্ছেন এবং সকলের পাশে তিনি যেভাবে দাঁড়ান, আমার মনে হয় যে এটাই যথেষ্ট। তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, আমাদের ওপর তিনি যে ভরসা করেছেন, আমরাও তাঁরই দেখানো পথেই চলেছি। কাজের উন্নয়নের দিকে ভরসা রাখি এবং উন্নয়নকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। আমি বিশ্বাস করি মানুষ আমাদের সঙ্গে থাকবেন।' 

Advertisement

মাত্র ২ মাস বয়স অদিতি-দেবরাজের সন্তানের। এই সময় মায়ের প্রয়োজন অফুরন্ত। ভোটের প্রচার করতে গিয়ে সেই দিকটা কোনওভাবে অবহেলিত হবে না তো? অদিতি এ প্রসঙ্গে বলেন, 'আমরা এখন যেরকম আধুনিক হয়েছি, আধুনিক তো শুধু স্মার্টফোনে হইনি, ব্যবস্থাপনাতেও আধুনিক হয়েছি। এরকম অনেক স্মার্ট প্রযুক্তি রয়েছে, যেটা দিয়ে হয়তো আমি বেশ কিছুটা সময় সামলাতে পারব। আমার মা আছেন সব সময়। তাই মনে হচ্ছে আমি সামলে উঠতে পারব।' 
 

Read more!
Advertisement
Advertisement