Advertisement

ফ্য়াক্ট চেক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বাড়িতে ঢুকে মারবো’ সূচক মন্তব্য আসলে ছিল পাকিস্তানের উদ্দেশে

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভিডিওতে থাকা অভিষেকের বক্তব্য জনগণ বা বিরোধীদের উদ্দেশে নয়, বরং পাকিস্তানের উদ্দেশে ছিল। সঠিক প্রেক্ষাপট ছাড়াই অসম্পূর্ণ ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 3:56 PM IST

বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বিরোধীদের একাধিকবার হুমকি দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও ‘ডিজে বাজানোর’ কথা বলে, কখনও আবার ‘দিল্লির বাপ’ সূচক মন্তব্য করে। এহেন একাধিক হুমকির প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এবার অন্য একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা সামনে রেখে পুনরায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানানো হচ্ছে।

ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রাক্তন সাংসদ এবং ভারতীয় জনতা পার্টির নেতা অনুপম হাজরা। সঙ্গে লিখেছেন, “এই ভিডিও'র উপর ভিত্তি করে আরো কিছু FIR হওয়া উচিত নাইটি-কুমারের বিরুদ্ধে...।”

কেউ আবার একই ভিডিও পোস্ট করে লিখেছেন, “পশ্চিম বাংলার মানুষজন দেখুন ,নিজের মুখে কথা কথা বলেছে বাড়িতে ঢুকে মারবে,১৫ টা বছর ধরে এনাদের দলের ছেলেরাই অনেক মায়ের কোন খালি করেছে বাড়িছাড়া করো। মেয়েদের স্বামী ছাড়া করেছে , ইনাদের দলের ছেলেটা বলেছিল না, ঘরে ঢুকে হিন্দু ঘরের মেয়েদের বের করে নিয়ে এসে রেপ করবে? যদি 2026 ও এরা থাকতো তাহলে কি হতো ভাবতে পারছেন। হিন্দুরা কোথায় যেত।” (সকল বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভিডিওতে থাকা অভিষেকের বক্তব্য জনগণ বা বিরোধীদের উদ্দেশে নয়, বরং পাকিস্তানের উদ্দেশে ছিল। সঠিক প্রেক্ষাপট ছাড়াই অসম্পূর্ণ ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।

সত্য উদ্ঘাটন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সাযুজ্য রেখে কিওয়ার্ড সার্চ করা হলে ওই একই বক্তব্য-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ বক্তব্যের ক্লিপ পাওয়া PK TALKS নামের একটি ফেসবুক পেজে, যা চলতি বছর ৬ এপ্রিল পোস্ট করা হয়েছিল। সেই বক্তব্য শুনলে পরিষ্কার হয়ে যায় যে অভিষেকের বক্তব্যের নিশানায় জনগণ বা বিরোধীরা নয়, বরং পাকিস্তানের এক মন্ত্রী ছিলেন।

Advertisement

অভিষেক বলেন, “আজ থেকে দুদিন আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, তার নাম হচ্ছে খোওয়াজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে খোওয়াজা আসিফের নামটা লিখে রাখছি। যে দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া জোটের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারব। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে আর প্রধানমন্ত্রী এসে কুচবিহারে সভা করবে, আর বলবে তৃণমূলকে হাটাও!”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পূর্ণাঙ্গ বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যায় যে, তিনি এই মন্তব্য কোনও বিরোধী দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে করেননি, বরং তাঁর এই বক্তব্য ছিল পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফের বিরুদ্ধে।

এই সময় এবং এবিপি বাংলা লাইভে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী প্রচারে হরিশচন্দ্রপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেন অভিষেক। মালদার চুড়িপট্টি মোড় থেকে ভবানীপুর মোড় পর্যন্ত হয় রোড শো। এই রোড শোয়ের শেষেই পথসভা থেকে বক্তৃতা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হুমকি দেন।

কী বলেছিলেন আসিফ?

চলতি বছর এপ্রিল মাসের শুরুর দিকে পাক প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ বলেন, যদি ভারত কোনও “ফলস ফ্ল্যাগ অপারেশন” (অর্থাৎ নিজেরাই কোনও ঘটনা ঘটিয়ে তার দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা) চালায় বা পাকিস্তানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান শুধু সীমান্ত এলাকাতেই নয়, বরং “কলকাতা পর্যন্ত” জবাব দেবে। আসিফের এই মন্তব্যের পাল্টা ভারত সরকারের কেউ কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় উপরিউক্ত মন্তব্যগুলি করেন অভিষেক।

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে করা মন্তব্যকে কাটছাঁট করে সঠিক প্রেক্ষাপট ছাড়াই ভিডিওটি বিভ্রান্তিকর দাবিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

Fact Check

Claim

ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে বিরোধীদের হুমকি দিতে এই বলে যে সরকার গঠন করলে তিনি বাড়িতে ঢুকে মারবেন।

Conclusion

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “বাড়িতে ঢুকে মারব” মন্তব্যটি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফের উদ্দেশে করা হয়েছিল। খোওয়াজা আসিফের “কলকাতা পর্যন্ত জবাব দেওয়ার” মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি এই কথা বলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement