Advertisement

ফ্যাক্ট চেক: খড়গপুরে ভোট প্রচারের সময় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ? না, ভিডিওটি গত বছরের

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভিডিওটি গত বছরের এবং একটি পৃথক ঘটনার। বর্তমানে বিধানসভা ভোটের প্রচারপর্বের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 10:02 AM IST

আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের একদা গড় খড়গপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রচারের কাজও শুরু করে দিয়েছেন তিনি। এই আবহে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে যে, প্রচার চলাকালীন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী।

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল মানুষ দিলীপ ঘোষকে ঘিরে 'দূর হটো' স্লোগান দিচ্ছেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "খড়গপুরে ভোট প্রচারে দিলীপ ঘোষ কে দেখে সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেন।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভিডিওটি গত বছরের এবং একটি পৃথক ঘটনার। বর্তমানে বিধানসভা ভোটের প্রচারপর্বের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটিতে স্পষ্টভাবে এই সময় সংবাদ মাধ্যমের লোগো দেখা যাচ্ছে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে ভিডিওটি সেই সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও থেকে সংগৃহীত।

এই সময়ের ইউটিউব চ্যানেলে গিয়ে এই সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করা হলে ভাইরাল ভিডিওটি দুটো অংশে পাওয়া যায় যা ২০২৫ সালের মার্চ আপলোড করা হয়েছিল।

২০২৫-এর ২১ এবং ২২ মার্চ আপলোড হওয়া ভিডিওগুলির বিবরণ অনুযায়ী, দিলীপ ঘোষ সেই সময় খড়গপুরে একটি ঢালাই রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন যখন তৃণমূলের মহিলা কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভের মুখে পড়ে তিনি মেজাজ হারান ও বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকের উদ্দেশে কটূ মন্তব্য করেন। ঘটনাটি নিয়ে পরের দিনও তীব্র প্রতিক্রিয়া জানান প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।

এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে গত বছরের ২১ মার্চ প্রকাশিত আনন্দবাজার ডট কমের একটি রিপোর্ট পাওয়া যায়। সেই রিপোর্ট অনুযায়ী, খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ। তখন ওই এলাকার কয়েক জন মহিলা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দিলীপকে দেখে তাঁরা প্রশ্ন করেন, ‘‘দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর (প্রদীপ সরকার) রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?’’

Advertisement

এই বক্তব্যের পাল্টা দেন দিলীপ ঘোষও। তাঁর দাবি, ‘‘আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে, যাও।’’ বাদানুবাদ চরমে উঠলে এক পর্যায়ে দিলীপ ঘোষ মহিলাদের উদ্দেশে গলা টিপে দেওয়ার হুমকি দেন বলে উল্লেখ পায় রিপোর্টে।

সুতরাং বুঝতে বাকি থাকে না যে, ২০২৫ সালের মার্চ মাসের একটি অসম্পর্কিত ঘটনাকে বর্তমানে নির্বাচনী প্রচারের সময়কার ঘটনা বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Fact Check

Claim

খড়গপুরে ভোট প্রচারের সময় দিলীপ ঘোষকে ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।

Conclusion

ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২৫ সালের মার্চ মাসের একটি পৃথক ঘটনার, নির্বাচনী প্রচারের সঙ্গে যার কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement