Advertisement

ফ্যাক্ট চেক: বাংলাদেশের নির্বাচনে সেনা দ্বারা আটকের দৃশ্যকে মালদায় কেন্দ্রীয় বাহিনীর পদক্ষেপ বলে প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি মালদার তো নয়ই, ভারতেরও নয়। এটি বাংলাদেশের সাধারণ নির্বাচন চলাকালীন ঢাকা শহরের একটি ভোটকেন্দ্রের সামনের দৃশ্য।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 5:09 PM IST

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের মাসখানেক বাকি থাকতে উত্তপ্ত হয়ে ওঠে মালদার কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। এআইআর বিরোধী প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ থেকে বিচারবিভাগীয় আধিকারিকের আটকে থাকা, সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সুপ্রিম কোর্টও তীব্র ভর্ৎসনা করে।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, মালদার কালিয়াচকে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এই দাবির সমর্থনে অনেকই একটি ভিডিও পোস্ট করছেন। এই ভিডিওতে সেনাবাহিনীর পোশাকে থাকা সদস্যদের দেখা যাচ্ছে দু’জনকে বলপূর্বক একটি গাড়িতে তুলতে।

ভিডিওটি পোস্ট করে কেউ কেউ লিখেছেন, “খেলা শুরু করল আমাদের দেশের কেন্দ্র বাহিনী মোথাবাড়ির কালিয়াচক জঙ্গি গুলোকে ঘর থেকে কলার টানতে টানতে নিয়ে বের করে কেলাচ্ছে।”

একই ভিডিও পোস্ট করে কেউ আবার লিখেছেন, “অপরুপ দৃশ্য... খেলা শুরু করল আমাদের দেশের কেন্দ্র বাহিনী মোথাবাড়ির কালিয়াচক জ*ঙ্গি গুলোকে ঘর থেকে কলার টানতে টানতে নিয়ে বের করে গ্রেফতার করেছে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি মালদার তো নয়ই, ভারতেরও নয়। এটি বাংলাদেশের সাধারণ নির্বাচন চলাকালীন ঢাকা শহরের একটি ভোটকেন্দ্রের সামনের দৃশ্য।

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে এক একই ভিডিও 'দ্য ডেইলি আমার প্রাণের বাংলাদেশ' নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। গত ১২ ফেব্রুয়ারি এই ভিডিওটি ওই পেজে পোস্ট করে লেখা হয়েছিল, “মানিকনগর মডেল হাই স্কুল ভোট কেন্দ্র থেকে গ্রেপ্তার তিন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর থেকে অনুমান করা যায় যে ভিডিওটি বাংলাদেশের নির্বাচনের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং মালদার ঘটনার সঙ্গে এর কোনও যোগ নেই।

Advertisement

ঢাকা-ভিত্তিক ‘প্রো মিডিয়া’ নামের একটি পেজও এই ভিডিওটি সম্প্রচার করে একে ঢাকার মানিকনগর মডেল হাই স্কুল ভোট কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার ঘটনা বলে দাবি করে।

ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে সেনাবাহিনীর গাড়িতে ইংরাজিতে ‘BANGLADESH ARMY’ কথাটি লেখা দেখা যায়। এ বাদে বাংলাদেশ ভিত্তিক পেজের ভিডিওতে একাধিক জায়গায় বিএনপি দলের প্রার্থীদের প্রচারের ব্যানারও টাঙানো অবস্থায় দেখা যায়।

সেই সঙ্গে গুগল ম্যাপে স্ট্রিট ভিউতে ‘মানিকনগর মডেল হাই স্কুল’ খোঁজা হলে ওই একই জায়গা খুঁজে পাওয়া যায় যেখানে সেনার গাড়িতে ওই ব্যক্তিদের বলপূর্বক তোলা হচ্ছিল।

অন্যদিকে, সর্বশেষ খবর অনুযায়ী মালদা-কাণ্ডে এখনও পর্যন্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম-সহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজমান। তবে আলোচ্য ভিডিওটি যে কোনওভাবেই পশ্চিমবঙ্গ বা ভারতের নয়, সেটা বুঝতে বাকি থাকে না।

Fact Check

Claim

ভিডিওটি মালদার কালিয়াচকের মোথাবাড়ি এলাকার যেখানে কেন্দ্রীয় বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি মালদা বা ভারতের নয়। এটি বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় ঢাকার মানিকনগর মডেল হাই স্কুল ভোটকেন্দ্র সংলগ্ন এলাকার দৃশ্য, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানে নেমেছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement