Advertisement

ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ দেওয়া হয়নি, জানুন কী ঘটেছিল দেগঙ্গায়

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শোনা যায়নি, বরং অন্য এক বিজেপি নেতার নাম করে বিদ্রুপ করতে শোনা যাচ্ছিল।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 5:01 PM IST

রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে গ্রেফতারির পর সেই নেতাদের ঘিরে ‘চোর চোর’ স্লোগানও উঠতে দেখা গেছে অহরহ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়েছে।

এই ভিডিওতে নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্টিত হয়ে একটি জায়গা থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। ঠিক সেই সময় আশেপাশে থেকে নানা ধরনের স্লোগান উঠে আসতে শোনা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে জনৈক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “গতকাল দিল্লির দুটো ঘটনায় যখন উত্তাল সব মিডিয়া তার ফাঁকে এরাজ্যে একটা ঘটনা ঘটেছে যেটা কোনো মিডিয়াই দেখায় নি। ক্যাবিনেট মন্ত্রী দীলিপ ঘোষ কে ঘিরে চোর স্লোগান ওঠে। আমি জানি যে উনি হয়তো চোর নন কিন্তু কাউকে বান্ডিল মুড়ে নিতে দেখা গিয়েছিল, সেটারই কী মাশুল গুনতে হলো ওনাকে?? নাকি ঐ যে তৃণমূল কংগ্রেসের ২০ জন যাদের কে এতদিন আপনারাই চোর বলে এসেছেন তারা এনডিএ তে যোগ দিচ্ছেন বলে তার জের পড়লো দিলীপ ঘোষের ওপর?? বুঝতে পারছি না।”

কিছু কিছু পেজ থেকে আবার একই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “বাংলায় উল্টো পুরাণ! দিলীপ ঘোষকে দেখে চললো চোর চোর স্লোগান!”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শোনা যায়নি, বরং অন্য এক বিজেপি নেতার নাম করে বিদ্রুপ করতে শোনা যাচ্ছিল।

সত্য উদ্ঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে কোনও ফলাফল পাওয়া যায়নি। তবে এই ভিডিওতে ‘Kolkata সংবাদ’ নামের একটি সংবাদ মাধ্যমের লোগো-সহ মাইক দেখতে পাওয়া যায়।

এই সূত্র ধরে সার্চ করে KolkataSongbad নামে ওই চ্য়ানেলের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। সেই পেজে থাকা ফোন নম্বরে যোগাযোগ করা হলে ওই চ্যানেলের সাংবাদিক রিঙ্কু আজতক ফ্যাক্ট চেক টিমকে জানান, এই ভিডিওটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভা অন্তর্গত চাকলা লোকনাথ বাবা মন্দিরের। গত ৪ জুন যখন দিলীপ ঘোষ এই মন্দিরে গিয়েছিলেন, তখন স্থানীয় বিজেপি নেতা তরুণকান্তি ঘোষকে উদ্দেশ্য করে এহেন স্লোগান উঠেছিল।

Advertisement

KolkataSongbad নামে ওই ফেসবুক পেজে ৪ জুন আপলোড হওয়া একাধিক ভিডিও পাওয়া যায়। ভিডিও-র ক্যাপশনে লেখা হয়, “চাকলা মন্দিরে বিজেপির দুই গোষ্ঠীর হাতাহাতি দিলীপ ঘোষের সামনে।” সেই ভিডিওগুলি থেকে জানা যায়, চাকলা মন্দির চত্বরে দিলীপ ঘোষ উপস্থিত হলে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তরুণকান্তি মহিলাদের সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে স্থানীয় বিজেপি নেতারা দাবি করেন যে, তরুণকান্তি বিধানসভা নির্বাচন উপলক্ষে পাওয়া টাকা বুথস্তরে কর্মীদের মধ্যে বণ্টন না করে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেই টাকা নিজেই আত্মসাৎ করেন। যে কারণে দিলীপ ঘোষকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকদের একাংশ।

সেই অনুরূপ ভাইরাল ভিডিওতে থাকা অডিও গভীরভাবে শোনা হলে সেখানেও ‘তরুণকান্তি চোর’ স্লোগান শুনতে পাওয়া যায়।

এই সূত্র ধরে সার্চ করা হলে ৫ জুন প্রকাশিত এই সময়ের একটি রিপোর্টও পাওয়া যায়। সেই রিপোর্ট অনুযায়ী, বিধানসভা ভোটে বুথ খরচ না দেওয়ায় পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের সামনেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আরও লেখা হয়, দেগঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেয় তাঁর বিরুদ্ধে গোষ্ঠীর বিজেপি কর্মীরা। দু'পক্ষের স্লোগানে উত্তেজনা ছড়ায় মন্দির প্রাঙ্গণে। দেগঙ্গা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দেগঙ্গা ৪ নম্বর মণ্ডলের ৮৮টি বুথে কোনও বুথ খরচ দেননি। এ নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এই অবস্থায় দিলীপ লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে পুজো দিতে গেলে মন্ত্রীর সামনে তরুণকান্তি এবং দেগঙ্গা চার নম্বর মণ্ডল কমিটির সভাপতি সঞ্জীব মণ্ডলের অনুগামীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি হয়। তরুণের অনুগামীরা মণ্ডল সভাপতির অনুগামী মহিলাদের মারধর করে বলে অভিযোগ। পরে দেগঙ্গা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দু'পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

৫ জুন বারাসাত বার্তা নামে আরেকটি ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায় যেখানে তরুণকান্তি ঘোষকে দেখে ‘চোর চোর’ স্লোগান তুলতে দেখা যায় স্থানীয়দের।

সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠার দাবিটি অর্ধসত্য এবং বিভ্রান্তিকর।

Fact Check

Claim

দেগঙ্গায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান উঠেছিল।

Conclusion

দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়নি। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ দেগঙ্গার বিজেপি নেতা ও প্রাক্তন প্রার্থী তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ‘তরুণকান্তি চোর’ স্লোগান তুলেছিলেন। দিলীপ ঘোষ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও স্লোগান তাঁর উদ্দেশে ছিল না।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement