
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে পাহাড়ে ঘেরা কোনও একটি স্টেডিয়ামে ভিতরে হাজার-হাজার মানুষকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, অসামে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছে বিচ্ছিন্নতাবাদীরা।
উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “আসামে স্বাধীনতার দাবিতে লাখ লাখ জনতার স্লোগান।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি অসম কিংবা ভারত বিরোধী কোনও বিক্ষোভের সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ৩ মে জম্মু ও কাশ্মীরের ডোডা স্পোর্টস স্টেডিয়ামে আম আদমি পার্টির বিধায়ক মেহরাজ মালিকের সমর্থনে আয়োজিত জনসভা বা ব়্যালির দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ৩ মে জম্মু ও কাশ্মীর ভিত্তিক সংবাদমাধ্যম Jammu Dastak-এর অফিশিয়াল ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “মেহরাজ মালিককে স্বাগত জানাতে ডোডা স্পোর্টস স্টেডিয়ামে মানুষের ব্যাপক ভিড়।” একই দাবিতে আরও একাধিক সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও একই ভিডিও পোস্ট করা হয়।
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ দৈনিক জাগরণ-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের ৩ মে জম্মু ও কাশ্মীরের আম আদমি পার্টির বিধায়ক মেহরাজ মালিক ডোডা স্পোর্টস স্টেডিয়ামে একটি বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন। মূলত, জননিরাপত্তা আইনের (PSA) অধীনে দীর্ঘ আটমাস জেলবন্দি থাকার পর জম্মু ও কাশ্মীর হাইকোর্টের নির্দেশে চলতি বছরের ২৮ এপ্রিল তিনি কাঠুয়া জেল থেকে ছাড়া পান।
জেল থেকে ছাড়া পাওয়ার পর ৩ মে নিজের বিধানসভা এলাকায় অবস্থিত ডোডা স্পোর্টস স্টেডিয়ামে আগামী দিনে জম্মু ও কাশ্মীরে উন্নততর শাসন ব্যবস্থার লক্ষ্যে এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে নিজেরে সমর্থকদের নিয়ে এই বিশাল সমবেশের আয়োজন করেন। যেখানে প্রায় ৪০,০০০-এর বেশি সমর্থক উপস্থিত হন। সেই সমবেশ থেকে দেশবাসীকে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করে “ভারতের সৌন্দর্য তার বহুত্ববাদ ও বৈচিত্র্যের মধ্যেই নিহিত। এই দেশটি একটি ফুলের তোড়ার মতো”।
এর থেকে প্রমাণ হয় যে, অসমে ভারত বিরোধী বিক্ষোভ দাবিতে ছড়ানো হচ্ছে জম্মু ও কাশ্মীরে আম আদমি পার্টির বিধায়কের জনসভার ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, অসামে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছে বিচ্ছিন্নতাবাদীরা।
ভাইরাল ভিডিও-র সঙ্গে অসম কিংবা ভারত বিরোধী কোনও বিক্ষোভের সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ৩ মে জম্মু ও কাশ্মীরের ডোডা স্পোর্টস স্টেডিয়ামে আম আদমি পার্টির বিধায়ক মেহরাজ মালিকের সমর্থনে আয়োজিত জনসভার দৃশ্য।