Advertisement

ফ্যাক্ট চেক: পাটনার স্কুলে গোলাগুলির ঘটনা দাবিতে ছড়াল সিনেমার শুটিংয়ের ভিডিও

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনা নয়। বরং সেটি বিহারের রাজধানী পাটনার গার্ডানিবাগ হাইস্কুলে একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 9:29 AM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কয়েকজন বন্দুকধারী ব্যক্তিকে কোনও একটি স্থানে প্রকাশ্য গুলি চালাতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ডবল ইঞ্জিন সরকার পরিচালিত বিহারের পাটনা হাইস্কুলে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।

উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন BJP শাসিত বিহারে সুশাসন!! বিহারে বিজেপির জঙ্গলরাজ পাটনা হাই স্কুলে দিবালোকে গুলি! এই হল বিজেপি শাসিত বিহারের অবস্থা যা আগামী দিনে বাংলায় হতে চলেছে!!" 

 

এমনকি বিহার যুব কংগ্রেসের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও এই একই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “সরকারের সমালোচনা করা এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং রাজ্যের রাজধানী পাটনার একটি স্কুলে দিনের আলোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিহারে সরকার পরিবর্তন হলেও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।”

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনা নয়। বরং সেটি বিহারের রাজধানী পাটনার গার্ডানিবাগ হাইস্কুলে একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

সত্য উন্মোচন

সম্প্রতি বিহারের কোনও স্কুলে প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা ঘটলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। তাই ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়।

তখন ২০২৬ সালের ২৫ জুন জিতেন্দ্র মোহন পিন্টু রাজ নামক এক ফেসবুক প্রোফাইলে এই একই ভিডিও-র সব থেকে পুরনো সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে ওই ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “আজ পাটনা হাইস্কুল, গার্ডানিবাগে একটি সিনেমার শুটিং চলছিল, যেটি একটি ওয়েব সিরিজ বলে শোনা যাচ্ছে।”

 

এরপর এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে, চলতি বছরের ২০ জুন একটি ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও পাওয়া যায়। যেখানে এই একই স্থানে একই ব্যক্তিদের ক্যামেরা ও সিনেমা শুটিংয়ের সামগ্রী-সহ দেখা যাচ্ছে। ভিডিও-র শিরোনাম অনুযায়ী, সেটি পাটনার গার্ডানিবাগ হাইস্কুলে ভোজপুরি ছবি 'সম্রাট'-এর শুটিংয়ের দৃশ্য।

Advertisement

পাশাপাশি, এই সংক্রান্ত আরও অনুসন্ধান চালালে চলতি বছরের ২৬ জুন পাটনা পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি নিয়ে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পুলিশ স্পষ্ট করে জানায় যে, “ভাইরাল ভিডিওটি গার্ডানিবাগের পাটনা হাইস্কুলে একটি অনুমোদিত চলচ্চিত্র শুটিংয়ের অংশ। এই শুটিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে পূর্বানুমতি নেওয়া হয়েছিল।”

এর থেকে প্রমাণ হয় যে, পাটনা হাইস্কুলে প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা দাবিতে শেয়ার করা হচ্ছে চলচ্চিত্র শুটিংয়ের দৃশ্য।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, ডবল ইঞ্জিন সরকার পরিচালিত বিহারের পাটনা হাইস্কুলে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।

Conclusion

ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনা নয়। বরং সেটি বিহারের রাজধানী পাটনার গার্ডানিবাগ হাইস্কুলে একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement