
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রেড রোডে ইদের নামাজ নিষিদ্ধ করে ব্রিগেড প্যারেড ময়দানে বিকল্প ব্যবস্থা করে দেয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কথিতভাবে তাঁকে নামাজ পাঠ যারা করে তাদের উদ্দেশ্য করে কটূক্তি করতে শোনা যাচ্ছে।
এই ভিডিওতে শুভেন্দু বলছেন, “নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলামও বিরোধী, আর হিন্দুদের উপর আঘাত করা।”
ভিডিওটি পোস্ট করে অনেকেই দাবি করছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিমরা কেন নামাজ পড়তে যাবে, এই নিয়ে আপত্তি করেছেন বা প্রশ্ন তুলেছেন।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি অসম্পূর্ণ এবং মূল প্রেক্ষাপট ছাড়াই বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হয়েছে। শুভেন্দু প্রকৃতপক্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাজপাঠে অংশ নেওয়ার সমালোচনা করেছিলেন।
সত্য উদ্ঘাটন
শুভেন্দু অধিকারী আসলে কী বক্তব্য রেখেছিলেন তা খুঁজে পেতে কিওয়ার্ড সার্চ করা হলে গত ২১ মার্চ বাংলা হান্টে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই ভিডিওতে শুভেন্দুর পূর্ণাঙ্গ বক্তব্যটি পাওয়া যায়। এই ভিডিও-র ৩৬ সেকেন্ডের সময় থেকে শুনলে শুভেন্দুর বক্তব্যের আসল প্রেক্ষাপট স্পষ্ট হয়ে যায়।
তৃণমূল কংগ্রেসের ধর্ম নিয়ে রাজনীতি করার বিষয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, ইদের শুভেচ্ছা আমিও দিচ্ছি। কিন্তু উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নামাজে যাবেন কেন? আর আমাদের কলকাতায় রেড রোডে যে কমিটি (নামাজের) আয়োজন করেন ওনাকে আসতে দেন কেন? কোন ভয়ে? আমার পাশে ইসলাম ধর্মের ভাই আছে।” ওই ব্য়ক্তিকে উদ্দেশ্য করে শুভেন্দু প্রশ্ন করেন, “আপনি ভাই বলুন তো অন্য ধর্মের লোক নামাজে প্রবেশ করা ঠিক কি না?” জবাবে ওই ব্যক্তি একাধিকবার ‘না’ বলেন।
এরপর শুভেন্দু বলেন, “তাহলে কী করতে গেছেন উনি? বাংলা দেখুক, ইদের শুভেচ্ছা আমিও দিচ্ছি। কিন্তু নামাজ পড়বে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা। যেমন আমার মন্দিরে এই ভাই বাইরে ছিল। আরতি, পুষ্পাঞ্জলি, মহাদেবের মাথায় জল, সেটা আমাদের হিন্দুদের কাজ আমরা করব। উনি বাইরে থেকে শুভেচ্ছা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা থেকে, মাথায় হিজাব পরা থেকে, আজকে রেড রোডে নামাজ পড়তে যাওয়া, এটা ইসলামও বিরোধী, এবং হিন্দুদের উপর আঘাত করা। দুটো কাজ একসঙ্গে করছেন উনি।”
প্রসঙ্গত, গত ২১ মার্চ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। আর একই দিনে একই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল, রেড রোডে ইদের নামাজে যোগ দিতে। এবিপি আনন্দ ও TV9 বাংলার একাধিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হয়।
অর্থাৎ এর থেকে পরিষ্কার হয়ে যায় যে প্রেক্ষাপট ছাড়াই শুভেন্দু অধিকারীর একটি অসম্পূর্ণ ভিডিও-র বক্তব্য বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।
শুভেন্দু অধিকারী মুসলিমদের নামাজ পড়া নিয়ে আপত্তি জানিয়ে বলেছেন, “নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলামও বিরোধী, আর হিন্দুদের উপর আঘাত করা।”
শুভেন্দু অধিকারী মুসলিমদের নামাজ পড়ার সমালোচনা করেননি; বরং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈদের নামাজে অংশগ্রহণের সমালোচনা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, একজন অমুসলিম রাজনৈতিক নেতার নামাজে অংশ নেওয়া “ইসলামবিরোধী” এবং “হিন্দুদের উপর আঘাত”।