
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর থেকে হামিকপুর সীমান্তে দেখা গেছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশী নাগরিকদের ভিড়। আটক ও গ্রেফতার হওয়ার ভয়ে অনেকেই ভারত ছেড়ে বাংলাদেশ পাড়ি দিতে শুরু করেছেন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলাকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে এলে তারাও পুনরায় কলকাতায় ফিরে আসবেন।
ভিডিওতে এক বাচ্চাকে কোলে নিয়ে দুই মহিলাকে দেখা যাচ্ছে। ওই দু’জন হিন্দিতে যা বলছেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, মমতা দিদি যেদিন ক্ষমতায় ফিরবেন, সেদিন আমরাও বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে আসব, ছাড়ব না। মমতা দিদি আবার জিতবেন, মোদী কতদিনই বা থাকবেন বড়জোর পাঁচ বছর।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, “টিএমসি জিতলে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আবার ফিরে আসবে।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি কোনও বাংলাদেশী অনুপ্রবেশকারীর নয়। বরং পুরো ভিডিওটি স্ক্রিপ্টেড এবং ভারতের বিহারে ভিডিওটি ধারণ করা হয়েছে।
সত্য উদ্ঘাটন
ভাইরাল ভিডিওতে থাকা মহিলাকে ঝরঝরে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে। সাধারণত কোনও বাংলাদেশী অনুপ্রবেশকারী এমন ঝরঝরে হিন্দি কথা বলতে স্বচ্ছন্দ্য নন। সেই কারণে ভিডিওটি নিয়ে সংশয় জাগে।
ভাইরাল ভিডিও-র থেকে স্ক্রিনশট সংগ্রহ করে এর কিফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই মহিলার ভিডিও TAH TAK নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। সেই ভিডিওতেও ওই দুই মহিলাকে দেখা যাচ্ছিল, এবং তাঁরা একই ধরনের কথা বলছিলেন। কিন্তু যেই এলাকায় ভিডিওটি রেকর্ড কর হয়েছিল সেখানে কোনও সীমান্ত বা অন্য কারোর ভিড় দেখা যায়নি।
TAH TAK নামের ফেসবুক পেজে ভাইরাল ভিডিও ক্লিপটি-সহ আরও একাধিক শর্ট ক্লিপ পাওয়া যায়, যেখানে মাইক হাতে থাকা যুবক ওই বাংলাদেশী বলে দাবি করেন। কিন্তু ভিডিও-র আশেপাশের দৃশ্যপট ভিডিওতে মহিলার কথা বলার ধরন সন্দেহজনক হওয়ায় আমরা সরাসরি ওই চ্যানেলের সংস্থাপক ও মাইকে থাকা যুবক চন্দন কাশ্যপের সঙ্গে যোগাযোগ করি।
চন্দন আমাদের নিশ্চিত করেন যে ভাইরাল ভিডিওটি সীমান্তবর্তী কোনও এলাকার নয়, এবং ভিডিওতে থাকা মহিলারা বাংলাদেশীও নন, বরং স্থানীয়। তাঁর দাবি, ভিডিওটি রেকর্ড করা হয়েছিল বিহারের মুজফফরপুরে। সেই সঙ্গে তিনি জানান যে ভিডিওটি স্ক্রিপ্টেড এবং বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি মজার ছলে তুলে ধরতে তাঁরা কয়েকজন এই ভিডিওটি তৈরি করেছিলেন।
অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে একটি স্ক্রিপ্টেড ভিডিওকে বর্তমানে আসল ঘটনা ভেবে শেয়ার করছেন নেটাগরিকদের একাংশ।
মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন দুই মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী।
ভিডিওতে থাকা মহিলারা বাংলাদেশি নন এবং ভিডিওটি কোনও সীমান্ত এলাকায় ধারণ করা হয়নি। ভিডিওটি বিহারে স্থানীয়দের নিয়ে মজার ছলে তৈরি একটি স্ক্রিপ্টেড কনটেন্ট।