Advertisement

ফ্যাক্ট চেক: বিজেপি প্রার্থী মানব গুহকে নিয়ে একাধিক সংবাদ মাধ্যমের ভুয়ো রিপোর্ট ভাইরাল

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল উভয় রিপোর্টের স্ক্রিনশটই ভুয়ো। মানব গুহ-র বিষয়ে এমন কোনও প্রতিবেদন প্রকাশ করেনি এই সময় বা বাংলা হান্ট, কোনও সংবাদ মাধ্যমই।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 4:59 PM IST

প্রথম দফায় মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট মেটার পর এবার অপেক্ষা দ্বিতীয় দফার। এই দফায় পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। যার মধ্য়ে অন্যতম আলোচনার কেন্দ্রে রয়েছে মেমারি বিধানসভা। কারণ পূর্ব বর্ধমানের এই আসনে একদা সাংবাদিক মানব গুহকে প্রার্থী করেছে বিজেপি।

ভোটগ্রহণের একদিন বাকি থাকতেই সোশ্যাল মিডিয়াতে এই সময় ও বাংলা হান্টের দুটি কথিত প্রতিবেদনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। উভয়ই মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে নিয়ে। এই সময়ের যে কথিত প্রতিবেদনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তার শিরোনামে লেখা হয়েছে, সীমাহীন অশ্লীলতা, মদ ও মহিলা: মেমারীর বিজেপি প্রার্থী মানব গুহের সব থেকে প্রিয় বিনোদন।

এর পাশাপাশি বাংলা হান্টের যে প্রতিবেদনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে একটি দীর্ঘ কথিত রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টে মানব গুহ-র ব্যক্তিগত জীবনের বিষয়ে নানা কথা লেখা হয়েছে এবং তাঁর বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগও তোলা হয়েছে।

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “এটা আবার কি ! মেমারির ভূমিপুত্র তো দেখছি মেমারির কলঙ্ক মেমারির লজ্জা।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল উভয় রিপোর্টের স্ক্রিনশটই ভুয়ো। মানব গুহ-র বিষয়ে এমন কোনও প্রতিবেদন প্রকাশ করেনি এই সময় বা বাংলা হান্ট, কোনও সংবাদ মাধ্যমই।

সত্য উদ্ঘাটন

মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ সম্পর্কে এই সময় বা বাংলা হান্টের মতো সংবাদ মাধ্যমে এমন কোনও খবর প্রকাশ পেয়েছে কিনা নিশ্চিত করতে কিওয়ার্ড সার্চ করা হয়। কিন্তু সার্চে এহেন কোনও প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়নি।

অন্যান্য কোনও সংবাদ মাধ্যমেও এই ধরনের কোনও খবরের হদিস সার্চের মাধ্যমে পাওয়া যায়নি।

এরপর সংশ্লিষ্ট দুই সংবাদ মাধ্যমে সরাসরি যোগাযোগ করা হয় এই পোস্টগুলির সত্যতার বিষয়ে জানতে। তখন এই সময় এবং বাংলা হান্ট — উভয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকেই আমাদের নিশ্চিত করা হয় যে এই ধরনের কোনও প্রতিবেদন তাদের সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

Advertisement

এর পাশাপাশি এই সময়ের অফিশিয়াল পেজ থেকে এই স্ক্রিনশটকে ভুয়ো বলে জানানো হয়। ২৭ এপ্রিল একটি পোস্ট করে লেখা হয়, “এই সময় অনলাইনের নামে একটি বিভ্রান্তিকর পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ধরনের কোনও পোস্ট এই সময় অনলাইন-এর তরফে করা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতেই ভুয়ো তথ্য প্রচার করা হয়েছে। ইউজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সেই সঙ্গে বাংলা হান্টের ফেসবুক পেজ থেকেও ভাইরাল কথিত নিউজ রিপোর্টের স্ক্রিনশটকে ‘ফেক’ বলে জানানো হয়। সেই সঙ্গে ক্যাপশনে লেখা হয়, “বাংলাহান্টের নাম ব্যবহার করে সমাজমাধ্যমে একটি বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়েছে।স্পষ্টভাবে জানানো হচ্ছে, উক্ত পোস্টটির সঙ্গে বাংলাহান্টের কোনও সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।”

অর্থাৎ, বোঝাই যাচ্ছে যে ভুয়ো স্ক্রিনশটের মাধ্যমে একটি মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে যা বিভ্রান্তিকর।

Fact Check

Claim

এই সময় এবং বাংলা হান্ট মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে নিয়ে অশ্লীলতা, মদ্যপান, নারীসংক্রান্ত অভিযোগ ও ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

Conclusion

এই ধরনের কোনও প্রতিবেদন এই সময় বা বাংলা হান্ট—কোনও সংবাদ মাধ্যমই প্রকাশ করেনি। সংশ্লিষ্ট দুই মাধ্যমই জানিয়েছে ভাইরাল স্ক্রিনশটগুলি সম্পূর্ণ ভুয়ো।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement