Advertisement

ফ্যাক্ট চেক: আসন্ন বিধানসভা ভোটে ১৫০-১৬০ আসন পেতে পারে বিজেপি? সি-ভোটারের নামে ভুয়ো সমীক্ষা

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, সি-ভোটার আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এখনও পর্যন্ত কোনও সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি। সর্বশেষ, চলতি বছরের ২৯ জানুয়ারি ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের তরফে যৌথভাবে পরিচালিত ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা প্রকাশ করা হয়। সেই সমীক্ষায় লোকসভা আসন ভিত্তিক ফলাফলের আভাস দেওয়া হয়েছে, বিধানসভা নয়। 

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 9:28 AM IST

আর মাত্র কয়েক মাস, তারপরেই পশ্চিমবঙ্গে বেজে যাবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ঘন্টা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত সি-ভোটারের সমীক্ষার একটি তথাকথিত তালিকা। তালিকাটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সি-ভোটারের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলকে হারিয়ে বিজেপি ১৫০-১৬০টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ৮০-৯০টি আসন।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারীর তরফে পোস্ট করা হয়েছে সি-ভোটারের সমীক্ষার সেই তথাকথিত তালিকা। যেখানে লেখা হয়েছে, “C-Voter Survey– ২০২৬; বিজেপি (BJP): ১৫০–১৬০, তৃণমূল কংগ্রেস (TMC): ৮০-৯০, কংগ্রেস (INC): ১০-২০, এআইএম (AIMIM): ২-৫, সিপিআই (CPI): ৫-৮ আসন এবং অন্যান্যরা (OTH): ০-১ আসন।” তালিকাটি শেয়ার করে ব্যবহারকারী লিখেছেন, “আমি ঠিক এই ফলাফলটা চাইছি না। আমি চাইছি : বিজেপি -১১০ তৃণমূল - ১১০ বাম+কংগ্রেস+ অন্যান্য -৭৪ দ্যাখ ক্যামোন লাগে।”


আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, সি-ভোটার আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এখনও পর্যন্ত কোনও সমীক্ষার ফলাফল প্রকাশ করেনি। সর্বশেষ, চলতি বছরের ২৯ জানুয়ারি ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের তরফে যৌথভাবে পরিচালিত ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা প্রকাশ করা হয়। সেই সমীক্ষায় লোকসভা আসন ভিত্তিক ফলাফলের আভাস দেওয়া হয়েছে, বিধানসভা নয়। 

আরও পড়ুন

সত্য উন্মোচন

ভাইরাল সি-ভোটারের তথাকথিত সমীক্ষাটির সত্যতা জানতে আজতক ফ্যাক্ট চেকের তরফে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই বিষয়ে অনুসন্ধান চালানো হয়। কিন্তু অনুসন্ধানে সি-ভোটারের তরফে আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনও সমীক্ষা প্রকাশের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানের সময় ২০২৬ সালের ২৯ জানুয়ারি ইন্ডিয়া টুডের অফিশিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের তরফে যৌথভাবে পরিচালিত ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। এখানে উল্লেখ্য, প্রতি বছর দু’বার জানুয়ারি অথবা ফেব্রুয়ারি এবং অগস্ট মাসে ইন্ডিয়া টুডের তরফে ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা করা হয়। সি-ভোটার-সহ বিভিন্ন বেসরকারি সংস্থাকে দিয়ে করানো সেই সমীক্ষায় লোকসভা নির্বাচন-সহ দেশের বিভিন্ন বিষয়ের উপর দেশের জনগণের থেকে মতামত নেওয়া হয়। 

Advertisement

সেই অনুযায়ী সি-ভোটারের পক্ষ থেকে সম্প্রতি যে সমীক্ষা চালানো হয়েছিল, তা ছিল পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসন ভিত্তি করে। বিধানসভা নয়। “তৃণমূল না বিজেপি: আজ ভোট হলে বাংলা কাকে বেছে নেবে?"— এই শিরোনামে প্রকাশিত ২৯ জানুয়ারি-র প্রতিবেদন থেকে জানা যায়, এই মুহূর্তে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৮টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ১৪টি আসন। এর আগে অর্থাৎ ২০২৫ সালের অগস্ট মাসের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় তৃণমূলকে দেওয়া হয়েছিল ৩১টি আসন, তবে সাম্প্রতিক সমীক্ষায় সেই সংখ্যা ৩ কমেছে। অন্যদিকে অগস্টের সমীক্ষায় বিজেপিকে দেওয়া হয়েছিল ১১টি আসন। এবারের সেই সংখ্যা ৩ বেড়ে হয়েছে ১৪।

 

গত ২৯ জানুয়ারি ইন্ডিয়া টুডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও এই সমীক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে ৪২ শতাংশ ভোট। এর আগে অগস্টের সমীক্ষায় সেই নম্বর ছিল ৪১ শতাংশ। অন্যদিকে ইন্ডিয়া জোট পেতে পারে ৫৪ শতাংশ ভোট। অগস্টে যা ছিল ৫৫ শতাংশ।

একই ভাবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের তরফে পরিচালিত ‘মুড অফ দ্য নেশন সমীক্ষায় দেখা যায়, সেই সময় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ৩০টি আসন এবং বিজেপি ১২টি আসন জিততে পারে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, ভোট শতাংশ হিসাবে তৃণমূল পেতে পারে ৪৬ শতাংশ, বিজেপি ৪০ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট, এমনটাই প্রকাশ পায়।


অন্যদিকে ২০২৪ সালের অগস্ট মাসের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায়, তৃণমূল কংগ্রেস ৩২টি আসন, বিজেপি ৮টি আসন এবং কংগ্রেস দুটি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। পাশাপাশি, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় অনুমান করা হয় যে, যদি সেই সময়ে বাংলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি যথাক্রমে ২২ এবং ১৯টি আসন জিতত। অন্যদিকে কংগ্রেস পেতে পারত ১টি আসন। ইন্ডিয়া টুডের হয়ে ২০২৪ সালের এই দুই সমীক্ষাও করেছিল সি-ভোটার।

এখানে উল্লেখ্য, ইন্ডিয়া টুডের হয়ে ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা চালানোর বাইরেও সি-ভোটার এবিপি গ্রুপের হয়ে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ১৫ মার্চ এবং ১৬ এপ্রিল মোট দুটি ওপিনিয়ন পোল এবং ৩ জুন নির্বাচন শেষে একটি বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশ করেছিল। ১৫ মার্চের ওপিনিয়ন পোলে তৃণমূল ২৩টি আসন এবং বিজেপি ১৯টি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে, ১৬ এপ্রিলের ওপিনিয়ন পোলে তৃণমূল এবং বিজেপি উভয় দলই ২০টি করে আসন এবং কংগ্রেস ২টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ২০২৪ সালের ৩ জুন প্রকাশিত এবিপি-সিভোটারের এক্সিট পোলে তৃণমূল কংগ্রেস ১৩-১৭টি আসন এবং বিজেপি ২৩-২৭টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। অন্যদিকে, কংগ্রেস-সিপিআই(এম) জোট ১-৩টি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়। যদিও লোকসভা নির্বাচনের ফলাফল বের হলে তৃণমূল পায় ২৯টি আসন, বিজেপি ১২টি আসন এবং কংগ্রেস পায় ১টি আসন।  

Advertisement

২০২৪ সালের ৩ জুন প্রকাশিত এবিপি-সি ভোটারের এক্সিট পোল বাদ দিলে প্রায় প্রতিটি সমীক্ষায় ভোট শেয়ার এবং লোকসভা অসনের দিক থেকে বিজেপি অপেক্ষা তৃণমূলকেই এগিয়ে রাখা হয়েছে। আর তর্কের খাতিরে যদি একটি লোকসভা আসন সমান সাতটি বিধানসভা আসন ধরা হয়। তাহলে প্রায় প্রতিটি সমীক্ষাতেই বিজেপির থেকে তৃণমূলকেই এগিয়ে রাখা হয়েছে।


সার্বিকভাবে স্পষ্ট হয়ে যায় যে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে সি-ভোটারের সমীক্ষা দাবি করে শেয়ার করা হচ্ছে ভুয়ো তালিকা।

Fact Check

Claim

সদ্য প্রকাশিত সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী, আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলকে হারিয়ে বিজেপি পেতে পারে ১৫০-১৬০টি আসন। অন্যদিকে তৃণমূল পেতে পারে মাত্র ৮০-৯০টি আসন।

Conclusion

সি-ভোটারের ভাইরাল সমীক্ষার তালিকাটি ভুয়ো। সি-ভোটার আসন্ন ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনও সমীক্ষা প্রকাশ করেনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement