Advertisement

ফ্যাক্ট চেক: ইজরায়েলের তরফে প্যালেস্তাইন নাগরিককে নির্যাতন দাবিতে ছড়াল অসম্পর্কিত ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ইজরায়েল প্রশাসনের তরফে কোনও প্যালেস্তাইনের নাগরিককে হত্যা বা শাস্তির দৃশ্য তো নয়ই, এমনকি এটি কোনও বাস্তব ঘটনাও নয়। বরং সেটি Screamfitters নামক একটি সংস্থার তরফে হ্যালোইন উপলক্ষ্যে তৈরি পণ্যের ডেমো ভিডিও।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 9:33 AM IST

গুরুতর সন্ত্রাসী হামলার দায়ে দোষী সাব্যস্ত প্যালেস্তাইনের নাগরিকদের জন্য সম্প্রতি ইজরায়েলের পার্লামেন্ট নেসেটে বিশেষ মৃত্যুদণ্ড বিল পাস করা হয়েছে। আর এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তির হাত-পা বেঁধে এবং মুখে কালো মাস্ক পরিয়ে উল্টো করে ঝুলিয়ে অ্যাসিড বা গরম তেল ভর্তি একটি পাত্রে চোবাতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইজরায়েল প্রশাসন একজন প্যালেস্তাইন নাগরিকের হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেছে। উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ইন্না লিল্লাহ!  মজলুমের আর্তনাদে খোদার আরশ কেঁপে ওঠে। ই'স'রায়েল ফি'লি'স্তিনের মুসলমানদের কে এই ভাবে ইলেকট্রনিকস যন্ত্র দ্বারা শা*স্তি দিয়ে থাকে  হে আল্লাহ, বিশ্বের সকল মুসলিমদের কে জা/লি/ম/দের হাত থেকে  হেফাজত করুন। আমীন ইয়া রব।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ইজরায়েল প্রশাসনের তরফে কোনও প্যালেস্তাইনের নাগরিককে হত্যা বা শাস্তির দৃশ্য তো নয়ই, এমনকি এটি কোনও বাস্তব ঘটনাও নয়। বরং সেটি Screamfitters নামক একটি সংস্থার তরফে হ্যালোইন উপলক্ষ্যে তৈরি পণ্যের ডেমো ভিডিও।

সত্য উন্মোচন

ভাইরাল দাবি এবং ভিডিও-র সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ২৮ এপ্রিলে ‘Halloween Haunter’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র সঙ্গে ভাইরাল ভিডিও-র হুবহু সাদৃশ্য রয়েছে। ভিডিও-র ক্যাপশন থেকে জানা যায়, সেটি ‘Screamfitters’ নামক একটি সংস্থার তরফে ‘Deep Fried’ থিমের উপরে তৈরি বায়ুচালিত অ্যানিমাট্রনিক শিল্পকার্য। যেটি ট্রান্সওয়ার্ল্ডের ইস্ট কোস্ট হান্টার্স কনভেনশনে প্রদর্শিত হয়েছিল।

উক্ত সূত্র ধরে এরপর ‘Screamfitters’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি ভালো করে পর্যবেক্ষণ করলে চলতি বছরের ২৮ মার্চ অন্য একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র সঙ্গে ভাইরাল ভিডিও-র সাদৃশ্য রয়েছে। ভিডিও-র ক্যাপশন থেকে জানা যায়, সেটি ‘Deep Fried’-এর আপডেটেড বা উন্নত সংস্করণের দৃশ্য। এরপর হ্যান্ডেলটির বায়োতে প্রাপ্ত সংস্থার ওয়েবসাইটটি ভালো করে পর্যবেক্ষণ করলে সেখানে ‘Deep Fried DF25’ নামে এই একই পণ্য ৬ হাজার ১৯৯ ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত থাকতে দেখা যায়। পাশাপাশি, ‘Screamfitters’-এর অফিশিয়াল ওয়েবসাইটে হ্যালোইন উপলক্ষ্যে তৈরি বিভিন্ন ভৌতিক ও অ্যানিমাট্রনিক পণ্য বিক্রি করা হয়।
 

Advertisement



এখানে উল্লেখ্য,হ্যালোইন হলো প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত একটি জনপ্রিয় উৎসব। মূলত পশ্চিমা দেশগুলোতে এটি বেশি জনপ্রিয় হলেও বর্তমানে এটি বিশ্বব্যাপী পালিত হয়। প্রাচীনকালে মানুষ অশুভ আত্মাদের দূরে রাখতে এবং মৃতদের সম্মান জানাতে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে এবং বিচিত্র পোশাক পরে উৎসব পালন করত। ভূত, ডাইনি বা বিভিন্ন অতিপ্রাকৃত চরিত্রের পোশাক পরা এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

এর থেকে প্রমাণ হয় যে, ইজরায়েল প্রশাসনের তরফে একজন প্যালেস্তাইন নাগরিককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হচ্ছে দাবি করে শেয়ার করা হচ্ছে অসম্পর্কিত ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, ইজরায়েলি প্রশাসনের তরফে একজন প্যালেস্তাইন নাগরিকের হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হচ্ছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনার দৃশ্য নয়। বরং সেটি Screamfitters নামক একটি সংস্থার তরফে হ্যালোইন উপলক্ষ্যে তৈরি পণ্যের ডেমো ভিডিও।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement