Advertisement

ফ্যাক্ট চেক: বিহারে BJP নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দাবিতে ছড়াল ঝাড়খণ্ডের অসম্পর্কিত ভিডিও

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি বিহারের কোনও বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের দৃশ্য নয়। বরং সেটি চলতি বছরের ৪ জুলাই ঝাড়খণ্ডের গোড্ডায় স্করপিও গাড়ির ধাক্কায় মৃত বাইক আরোহী যুবকের মায়ের তরফে গাড়িটির কাঁচ ভাঙার দৃশ্য।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 10:43 AM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একজন মহিলাকে হাতুড়ি জাতীয় কিছু দিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের স্করপিও গাড়ির কাঁচ ভাঙতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিহারে বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং তাঁদের গাড়ি ভাঙচুর করছে সে রাজ্যের জনগণ।

উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “কাকিমার বিহার বিজেপি নেতার গাড়িতে হাতুড়ি থেরাপি  দিচ্ছে কেন? বিজেপি নেতাজি নাকি পালিয়ে বেঁচেছে।"

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি বিহারের কোনও বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের দৃশ্য নয়। বরং সেটি চলতি বছরের ৪ জুলাই ঝাড়খণ্ডের গোড্ডায় স্করপিও গাড়ির ধাক্কায় মৃত বাইক আরোহী যুবকের মায়ের তরফে গাড়িটির কাঁচ ভাঙার দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ৪ জুলাই একাধিক JB News Network এবং Jharkhand Crime-সহ একাধিক নিউজ পোর্টালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই একই ভিডিও-র বর্ধিত সংস্কারণ-সহ পোস্ট পাওয়া যায়। সেই সব পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি ঝাড়খণ্ডের গোড্ডায় স্করপিও গাড়ির ধাক্কায় এক বাইক আরোহী যুবকের মৃত্যুর ঘটনা।

 

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল দুর্ঘটনার একাধিক ছবি ও ভিডিও-সহ দৈনিক জাগরণ এবং দৈনিক ভাস্কর-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। এই সব প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ৪ জুলাই, শনিবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলার গোড্ডা টাউন থানার পুনাশিয়া গ্রামের কাছে ১৩৩ নম্বর গোড্ডা-হাঁসদিহা জাতীয় সড়কে দ্রুতগামী একটি স্করপিও গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই স্থানীয় পুনাশিয়া গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী বাইক আরোহী রাজন কুমারের মৃত্যু হয়। 

 

Advertisement

সংঘর্ষটি এতটাই গুরুতর ছিল যে বাইকটি দুই টুকরো হয়ে যায় এবং স্করপিও-র সামনের অংশটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরেই স্করপিও চালক ও আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরেই স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত স্করপিও চালককে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে তবে কোনও প্রতিবেদনেই এই ঘটনার সঙ্গে বিজেপি কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি। তাই এরপর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আমরা গোড্ডা টাউন থানার এসএইচও দীনেশ মাহালি এবং আজতকের গোড্ডা জেলা সাংবাদিক সন্তোষ ভগতের সঙ্গে যোগাযোগ করি।

তারা উভয় জানান যে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বিক্ষোভ বা বিরোধের সম্পর্ক নেই। পাশাপাশি, তারা আরও জানান, ভাইরাল ভিডিওতে যে মহিলাকে স্করপিও গাড়িটির কাঁচ ভাঙতে দেখা যাচ্ছে, তিনি মৃত বাইক আরোহী যুবক রাজনের মা। এসএইচও দীনেশ মাহালি জানিয়েছেন, “আমরা এই ঘটনায় একটি এফআইআর দায়ের করে দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছি।”

এর থেকে প্রমাণ হয় যে, বিহারের বিজেপি নেতাদের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ দাবি করে ছড়ানো হচ্ছে ঝাড়খণ্ডের পথ দুর্ঘটনার ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারে বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং তাঁদের গাড়ি ভাঙচুর করছে সে রাজ্যের জনগণ।

Conclusion

ভাইরাল ভিডিওটি বিহারের কোনও বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের দৃশ্য নয়। বরং সেটি চলতি বছরের ৪ জুলাই ঝাড়খণ্ডের গোড্ডায় স্করপিও গাড়ির ধাক্কায় মৃত বাইক আরোহী যুবকের মায়ের তরফে গাড়িটির কাঁচ ভাঙার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement