
শক্তিমান কিংবা মহাভারতের ভীষ্ম পিতামহ, এই দুটি চরিত্রে অভিনয় করে ছোট বড়ো সবার মনে চিরকালের জন্য দাগ কেটেছেন অভিনেতা মুকেশ খান্না। এখন তাকে নিয়ে সমাজ মাধ্যমে খবর ছড়ালো যে, কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেতা।
কিছু ফেসবুক ব্যবহারকারী, তার ছবি পোস্ট করে লিখেছেন, " অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমাদের সবার প্রিয় ছােটবেলার হিরাে শক্তিমান অভিনেতা মহাভারতের ভীষ্ম মুকেশ খান্নার জীবনাবসান। করােনার সাথে তিন দিন লড়াই করে আজ লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এই মহান অভিনেতার আত্মার শান্তি প্রার্থনা করছি। "
ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে ।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল এই দাবিটি ভুয়ো। অভিনেতা মুকেশ খান্না সুস্থ আছেন।
গতকাল সন্ধ্যাবেলা থেকে মুকেশ খান্নার নামে এই বিভ্রান্তিকর খবরটি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এরপর, গতকাল রাতেই অভিনেতা নিজে তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানান তার অসুস্থতার খবরটি সর্বৈব মিথ্যা। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার করোনা হয় নি। তিনি সম্প্রতি কোনো হাসপাতালেও ভর্তি হন নি।
সমাজ মাধ্যমে এ ধরণের খবর ছড়ানোয় যথেষ্ট ক্ষুব্ধ মুকেশ খান্না বলেন, যে সব মানুষ এ ধরণের মিথ্যা খবর প্রচার করে তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন।
মুকেশ খান্না কে নিয়ে এই বিভ্রান্তি ছড়ানোর খবরটি বেশ কিছু খবরের ওয়েবসাইটেও প্রকাশ পেয়েছে। এর আগেও অভিনেতা মিঠুন চক্রবর্তী কে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিলো সমাজ মাধ্যমে। আজতকএর তরফ থেকে সেটি নস্যাৎ করা হয়।
আমাদের সবার প্রিয় ছােটবেলার হিরাে শক্তিমান অভিনেতা মহাভারতের ভীষ্ম মুকেশ খান্নার জীবনাবসান।
অভিনেতা নিজে তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানান তার অসুস্থতার খবরটি সর্বৈব মিথ্যা। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার করোনা হয় নি।