
রাত পোহালেই বিধানসভা নির্বাচন। বুধবার দ্বিতীয় দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ছবি বা সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট। যেখানে বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কোনও একটি বিল্ডিংয়ে ঢুকতে দেখা যাচ্ছে। তাঁর পিছনের দেওয়ালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের দলীয় প্রতীক জোড়া ঘাসফুলের ছবি লাগানো রয়েছে।
সরাসরি নাম উল্লেখ না করা হলেও ভাইরাল ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত জেনে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, এক বিজেপি সাংসদ এবং তিনজন বিজেপি প্রার্থী দক্ষিণ কলকাতার তৃণমূল কার্যালয়ে গিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে গোপনে বৈঠক করছেন। উদাহরণস্বরূপ, ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “বিজেপির হার নিশ্চিত তাদের দলের নেতারাও জেনে গেছে🙂 টিএমসি সূত্রের খবর, ৩ জন বিজেপি বিধায়ক প্রার্থী, এক বর্তমান বিজেপি সাংসদ এবং এক প্রাক্তন মহিলা সাংসদ টিএমসির সঙ্গে যোগাযোগ করেছেন। সূত্রের দাবি, দক্ষিণ কলকাতার এক দলীয় কার্যালয়ে তাঁদের বৈঠকও হয়েছে।”
পাশাপাশ, এই একই ছবি শেয়ার করে অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "ভোটের আগে বিজেপিতে ভাঙনের হাওয়া। হারের ভয়ে আজ পুরো বিজেপির অন্দরমহল ডুবন্ত গেরুয়া জাহাজ থেকে লাফ মারার তালে। কলকাতার এক তৃণমূল পার্টি অফিসে লকেট চ্যাটার্জি বাকি বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করলেন।"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ছবিটি বাস্তব নয়। বরং সেটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সত্য উন্মোচন
প্রথমত, ভাইরাল দাবি এবং সিসিটিভি ফুটেজের স্ক্রিনশটটি সন্দেহজনক। কারণ সাধারণত সব সিসিটিভি ফুটেজে সময়ের পাশাপাশি ফুটেজটি রেকর্ড করার তারিখও উল্লেখ থাকে। কিন্তু ভাইরাল স্ক্রিনশটে সময় উল্লেখ থাকলেও কোনও তারিখ নেই। পাশপাশি, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির রাজ্য স্তরের নেত্রী-সহ একাধিক বিজেপি প্রার্থী তৃণমূল কার্যালয়ে গিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে গোপনে বৈঠক করে থাকলে এবং তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
আর এর থেকে সন্দেহ তৈরি হয় যে ভাইরাল সিসিটিভি ফুটেজের স্ক্রিনশটটি ভুয়ো হতেও পারে। এবং যা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হতে এরপর আমরা ভাইরাল স্ক্রিনশটটিকে এআই যাচাইকারী ওয়েবসাইট Hive Moderation এবং গুগলের নিজস্ব এআই যাচাইকারী টুলস Synth ID-তে পরীক্ষা করি। Hive Moderation ৯৮ শতাংশ নিশ্চিতভাবে জানিয়েছে যে ভাইরাল স্ক্রিনশটটিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
অন্যদিকে, Synth ID জানিয়েছে, “ছবিটি গুগল জেমিনাই এআই-এর সাহায্যে এডিট বা তৈরি করা হয়েছে।”
পাশাপাশি, এরপর আমরা লকেট চট্টোপাধ্যায়ের বর্তমান রাজনৈতিক অবস্থান জানতে তাঁর ফেসবুক পেজটি ভালো করে পর্যবেক্ষণ করি। তখন লক্ষ্য করা যায় লকেটের ফেসবুক পেজ থেকে গতকাল অর্থাৎ ২৭ এপ্রিল শেষ পোস্ট করা হয়েছিল। সেখানে তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যাতে তাঁকে ব্যারাকপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব়্যালির প্রস্তুতি নিয়ে অর্জুন সিং-সহ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। এর আগের পোস্টে তাঁকে ভাটপাড়ার জলেবিয়া ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় ভাষণ দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি, আমরা আর লক্ষ্য করি সাম্প্রতিক সময়ে লকেটের প্রোফাইল জুড়ে বিজেপির কার্যক্রমের এই ধরণের আরও একাধিক ভিডিও এবং ছবিতে ভর্তি রয়েছে। যদিও সম্প্রতি কয়েকজন বিজেপি প্রার্থী বা সাংসদ তৃণমূল কার্যলয়ে গিয়ে বৈঠক করেছেন কিনা সেই সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া না গেলেও লকেট যে বর্তমানে বিজেপির সঙ্গেই রয়েছেন তা তার সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে অনুমান করা যায়।
এর থেকে প্রমাণ হয়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ছবিটি এআই বা বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি তা নিশ্চিত।
ছবিতে দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত জেনে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার তৃণমূল কার্যালয়ে গিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে গোপনে বৈঠক করছেন।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাইরাল ছবিটি বাস্তব নয়। বরং সেটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।