Advertisement

ফ্যাক্ট চেক: বিনামূল্যে রেশন বন্ধ করল সরকার? না, বিভ্রান্তিকর দাবিতে ছড়াল পুরনো নিউজ ক্লিপ

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল নিউজ ক্লিপটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক চাপ এবং করোনা মহামারীর প্রভাব কমে যাওয়ায় অর্থ মন্ত্রকের তরফে বিনামূল্যে রেশন প্রকল্প বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ভারত সরকার প্রকল্পটি বন্ধ করেনি, বরং পরবর্তীতে সেটি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। 

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 3:29 PM IST

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় নির্দিষ্ট রেশন কার্ড গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে চাল, গম এবং আটা (রেশন) প্রদান করে থাকে ভারত সরকার। মূলত, করোনা মহামারীর সময় দেশবাসীকে কিছুটা সুরাহা দিতে ২০২০ সালের এপ্রিল মাসে প্রাথমিকভাবে চালু করা হয় এই বিশেষ প্রকল্প। অন্যদিকে সম্প্রতি রাজ্যের রেশন ব্যবস্থায় বেশ কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার জন্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ জানিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে নিউজ ১৮ বাংলার একটি ভিডিও প্রতিবেদন। যেখানে ক্লিপটির শুরুতেই উপস্থাপককে বলতে শোনা যাচ্ছে, “বিনামূল্যে রেশন আর নয়।” ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বিনামূল্যে রেশন বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।  উদাহরণস্বরূপ, ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “বিনামূল্যে রেশন দেওয়া হবে না জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী।” এই একই ভিডিও-র একটি স্ক্রিনশট শেয়ার করে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পালাবদলকে ইঙ্গিত করে এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখা হয়েছে “এটাই পরিবর্তন।”


আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল নিউজ ক্লিপটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের খবর। তবে ভারত সরকার প্রকল্পটি বন্ধ করেনি, বরং পরবর্তীতে সেটি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সত্য উন্মোচন

প্রথমত, ভাইরাল নিউজ ১৮ বাংলার ভিডিও প্রতিবেদনটি সন্দেহজনক। কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন প্রদান প্রকল্পটি বন্ধ করে দিলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। অন্যদিকে ভাইরাল নিউজ ক্লিপটি পর্যবেক্ষণের সময় সেটির ১৭ সেকেন্ডে লক্ষ্য করা যায়, অর্থ মন্ত্রকের তরফে দেশের খাদ্য মন্ত্রককে দেওয়া একটি চিঠি দেখানো হয়েছে। সেই চিঠির তারিখের জায়গায় ‘২৬ সেপ্টেম্বর ২০২২’ লেখা রয়েছে। যা থেকে সন্দেহ তৈরি হয় ভিডিওটি সাম্প্রতিক সময়ের না হতেও পারে। 

Advertisement

তবে ভাইরাল নিউজ ক্লিপ এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর নিউজ ১৮ বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও প্রতিবেদনের বর্ধিত সংস্করণ পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ক্লিপটি সাম্প্রতিক নয়। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে বিনামূল্যে রেশন প্রদানের মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির দাবিতে চিঠি দেওয়া হয়।



তৃণমূল সাংসদ সৌগত রায়ও একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। তখন খাদ্য মন্ত্রক তিন মাস মেয়াদ বৃদ্ধিতে সম্মত হয়। কিন্তু ওই মাসের ২৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রকের তরফে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্টি অর্থনৈতিক চাপ এবং করোনা মহামারীর প্রভাব কমে যাওয়ার কারণ দেখিয়ে খাদ্য মন্ত্রককে বিনামূল্যে রেশন প্রদান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সেই সময় ভারত সরকারের তরফে প্রকল্পটি বন্ধ করা হয়নি। বরং প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এবং ভারত সরকারের খাদ্য ও গণবন্টন বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, সরকার পরবর্তীতে প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারী থেকে আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করে।

এর থেকে প্রমাণ হয় যে কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন বন্ধের দাবিটি বিভ্রান্তিকর।

Fact Check

Claim

বিনামূল্যে রেশন প্রদান যোজনা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।

Conclusion

ভাইরাল নিউজ ক্লিপটি সাম্প্রতিক নয়, বরং সেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের খবর। তবে ভারত সরকার প্রকল্পটি বন্ধ করেনি, বরং পরবর্তীতে সেটি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement