Advertisement

ফ্যাক্ট চেক: ইসরোর মহাকাশযান আদিত্য L1-এর তোলা ছবি দাবিতে সূর্যের পুরনো ও অপ্রাসঙ্গিক ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় সূর্যপৃষ্ঠের অতি নিকট থেকে তোলা কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিগুলি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ দাবি করতে শুরু করেছেন যে, ইসরোর আদিত্য L1 নাকি এই ছবিগুলি তুলেছে যা এখনও পর্যন্ত সূর্যের সবচেয়ে কাছে থেকে তোলা ছবি। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 10 Jan 2024,
  • अपडेटेड 6:15 PM IST

মহাকাশ গবেষণায় একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ইসরো। চন্দ্রযান ৩-এর পর ভারত সূর্যের গবেষণার কাজে আদিত্য L1 পাঠিয়েছে মহাকাশে। আর গত ৮ জানুয়ারি নিজের কক্ষপথে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রথম সোলার মিশনের যান। 

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সূর্যপৃষ্ঠের অতি নিকট থেকে তোলা কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিগুলি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ দাবি করতে শুরু করেছেন যে, ইসরোর আদিত্য L1 নাকি এই ছবিগুলি তুলেছে যা এখনও পর্যন্ত সূর্যের সবচেয়ে কাছে থেকে তোলা ছবি। 

ছবিগুলি শেয়ার করে কেউ লিখেছেন, "এই পর্যন্ত পাওয়া সূর্যের সবচেয়ে কাছ থেকে তোলা ছবি। Proud to be ISRO - Indian Space Research Organisation। CONGRATULATIONS ADITYA-L1 সবাই দেখুন এবং সবাইকে দেখানোর অনুরোধ রাখলাম।" 

কেউ আবার লিখেছেন, "ISRO-র সৌরযান আদিত্য L1 থেকে তোলা সূর্যের সবথেকে কাছের ছবি। এই প্রথমবার সূর্যের এই রূপ দেখলো বিশ্ব, আর তাও তা ভারত তথা ISRO র সৌজন্যে..... হ্যাটস অফ ISRO, হ্যাটস অফ ইন্ডিয়া।" 

ইনস্টাগ্রামেও একই দাবি করে এই ছবিগুলি শেয়ার করা হয়েছে। 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ছবিগুলি ২০২২ সাল থেকে ইন্টারনেটে রয়েছে এবং একটিও আদিত্য L1-এর তোলা নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টগুলি পুরোপুরি ভুয়ো। 

কীভাবে জানা গেল সত্যি 

মিশন আদিত্য L1 লঞ্চ হওয়ার সময় থেকে এর ছোট-বড় আপডেট নিয়ে মূলধারার সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়ে এসেছে। তাই আদিত্য L1 যদি সত্যিই এই অত্যাশ্চর্য ছবিগুলি তুলে থাকত, তবে খুব স্বাভাবিকভাবে এই সংক্রান্ত খবর নানা সংবাদ মাধ্যমের পাতায় প্রকাশ পেত। 

কিন্তু কিওয়ার্ড-সহ একাধিক সার্চ সত্ত্বেও আমরা সাম্প্রতিক সময় প্রকাশিত এমন কোনও সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখতে পাইনি যেখানে উল্লেখ করা হয় যে ইসরোর উপগ্রহ আদিত্য L1 এই ছবিগুলি তুলেছে। যা থেকে কার্যত এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। 

Advertisement

সর্বোপরি, এই ছবি আদিত্য L1 তুলে থাকলে ইসরোর পক্ষ থেকেও তা প্রকাশ করা হতো। কিন্তু ইসরোর কোনও হ্যান্ডেলেই এই ছবিগুলি আমরা দেখতে পাইনি। 

এরপর আমরা ভাইরাল ছবিগুলির উৎস সন্ধান করতে সেগুলোকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজার চেষ্টা করি। তখন একটি ফেসবুক পেজে ওই একই ছবিগুলি আমরা দেখতে পাই। এই ছবিগুলি পোস্ট করা হয়েছিল ২০২২ সালের ২ আগস্ট। যা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে কোনও ভাবেই এগুলো আদিত্য L1-এর তোলা ছবি হওয়া সম্ভব নয়। কারণ ইসরো সূর্যাভিযানে আদিত্য L1 লঞ্চ করেছিল ২০২৩ সালের ২ সেপ্টেম্বর। 

আদিত্য L1 সূর্যের কোনও ছবি পাঠিয়েছে? 

হ্যাঁ। আদিত্য L1 সূর্যের বেশ কয়েকটি ছবি তুলে পাঠিয়েছে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর সেই ছবিগুলি ইসরোর অফিশিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই ছবিগুলির সঙ্গে ভাইরাল হওয়া ছবিগুলোর কোনও মিলই নেই। 

যদিও ভাইরাল ছবিগুলির উৎস ঠিক কী তা আমরা নির্ধারণ করতে পারিনি, তবে এগুলো যে কোনও ভাবেই আদিত্য L1-এর তোলা ছবি নয়, তা বুঝতে আর বাকি থাকে না। 

 

Fact Check

Claim

পোস্টে দেখা যাচ্ছে ইসরোর সূর্যযান আদিত্য L1 দ্বারা তোলা এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছের ছবি। 

Conclusion

ছবিগুলি ২০২২ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। অন্যদিকে, আদিত্য L1 মিশন ইসরো লঞ্চই করেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement