
বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি। আর এই আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে পাঁচিল ঘেরা কোনও একটি স্থানে মাথায় হাত দিয়ে হামাগুড়ি দিতে-দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কিছু ব্যক্তি। অন্যদিকে হাতে লাঠি নিয়ে তাদেরকে ঘিরে থাকতে এবং মারধর করতে দেখা যাচ্ছে বেশকিছু পুলিশ কর্মীকে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি বিজেপি শাসিত অসমের ডিটেনশন ক্যাম্পে সাধারণ বন্দিদের উপর পুলিশি অত্যাচারের দৃশ্য। পাশাপাশি, আরও দাবি করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে এভাবেই সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে অত্যাচার করবে।
উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “বিজেপির অসমে ডিটেনশন সেন্টারের ফাঁস হওয়া ফুটেজ দেখেনিন, বিজেপি বাংলার মানুষকে এইভাবে মারধর করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। ভোটার লিস্টে আপনার নামটা কেটে এইভাবেই ডিটেনশন ক্যাম্পে রাখতে চায় বিজেপি।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি অসমের ডিটেনশন ক্যাম্পের তো নয়ই, এমনকি সেটি ভারতের ঘটনাও নয়। বরং সেটি ২০১৮ সালের ২২ নভেম্বর শ্রীলঙ্কার আঙ্গুনাকোলাপেলেসা কারাগারে পুলিশের তরফে বন্দিদের মারধরের ফাঁস হওয়া ভিডিও।
সত্য উন্মোচন
ভাইরাল দাবি ও ভিডিও-র সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম নিয়ে সেগুলি গুগুল লেন্সে অনুসন্ধান চালালে ২০১৯ সালের ১৬ জানুয়ারি একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি শ্রীলঙ্কার আঙ্গুনাকোলাপেলেসা কারাগারে পুলিশের তরফে বন্দিদেরকে মারধরের দৃশ্য।
এরপর উক্ত তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে এই একই ভিডিও বা ভিডিও-র স্ক্রিনশট-সহ শ্রীলঙ্কা ভিত্তিক সংবাদমাধ্যম Colombo Telegraph-সহ একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত এই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ২২ নভেম্বর শ্রীলঙ্কার আঙ্গুনাকোলাপেলেসা কারাগারে বিক্ষোভ প্রদর্শন করছিল বেশকিছু বন্দি। সেই সময় কারাগরের সুপারের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন কারারক্ষী বাহিনীর সদস্য বিক্ষোভকারী বন্দিদের নির্মমভাবে মারধর করে।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরেই শ্রীলঙ্কা সরকারের বিচার ও কারা সংস্কার মন্ত্রকের তরফে এই ঘটানার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পাশাপশি, এখানে উল্লেখ্য Colombo Telegraph-সহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রাপ্ত এই ঘটনার ভিডিও-র ফ্রেমের উপর ২০১৮ সালের ২২ নভেম্বর তারিখ দেখতে পাওয়া যায়। যা ভাইরাল ভিডিওতে এডিট করে ২০২৫ সাল করা হয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে, অসমের ডিটেনশন ক্যাম্পে বন্দিদের অত্যাচারের দৃশ্য দাবিতে ছড়াল শ্রীলঙ্কার পুরনো ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত অসমের ডিটেনশন ক্যাম্পে সাধারণ বন্দিদের উপর পুলিশি অত্যাচারের দৃশ্য।
ভাইরাল ভিডিওটি অসমের ডিটেনশন ক্যাম্পের তো নয়। বরং সেটি ২০১৮ সালের ২২ নভেম্বর শ্রীলঙ্কার আঙ্গুনাকোলাপেলেসা কারাগারে পুলিশের তরফে বন্দিদের মারধরের দৃশ্য।