
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে বন্দুক হাতে পাজামা-পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি পরিহিত কিছু ব্যক্তিকে মুসলিম ধর্মের ধর্মীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করতে অস্ত্র তুলে নিয়েছে অসমের বিচ্ছিন্নতাবাদী মুসলিমরা।
উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “অস্ত্র হাতে প্রস্তুত হচ্ছে আসামের মুসলমানেরা খেলা এবার জমে যাচ্ছে। নারায়ে তাকবির, আল্লাহু আকবার। সাবধান ভারতের উগ্রবাদী হিন্দুরা। কলকাতার উগ্রবাদী হিন্দুদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমগ্র মুসলিম জাতিকে আহ্বান জানাচ্ছে সমস্ত মুসলিম জাতি এক হও।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে অসম কিংবা ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ১৬ মে পাকিস্তানের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় পুলিশের শান্তি কমিটির তরফে পরিচালিত জঙ্গি বিরোধী অভিযানের দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ১৬ মে পাকিস্তান ভিত্তিক একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ উর্দুতে একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “বান্নু পুলিশ শান্তি কমিটির তরফে অপারেশন শহিদের প্রতিশোধ অভিযান গ্রহণ করা হয়েছে। শান্তি আনতে জনগনেরও উচিত পুলিশকে সহযোগিতা করা।” এই একই দাবি-সহ অন্য একাধিক পাকিস্তানি ভিত্তিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও ভিডিওটি শেয়ার করা হয়।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ পাকিস্তানি সংবাদমাধ্যম Mashriq TV, Pakistan Today এবং Dawn-এ এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেইসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের ১৬ মে পাকিস্তানের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় পাকিস্তান পুলিশের শান্তি কমিটির তরফে পরিচালিত ‘অপারেশন রিভেঞ্জ অফ দ্য মার্টার্স’ (শহীদদের প্রতিশোধ অভিযান) নামক একটি জঙ্গি বিরোধী অভিযান শুরু করে।
মূলত, ওই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছিল। এরই মধ্যে চলতি বছরের ৯ মে গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এই হামলায় ওই পুলিশ ফাঁড়ির ১৫ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে হামলা এবং পুলিশ কর্মীদের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বান্নু পুলিশের শান্তি কমিটি গত ১৬ মে ‘অপারেশন রিভেঞ্জ অফ দ্য মার্টার্স’ নামক এই জঙ্গি বিরোধী অভিযান শুরু করে।
এর থেকে প্রমাণ হয় যে অসমের ঘটনা দাবিতে ছড়াল পাকিস্তানের অসম্পর্কিত ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করতে অস্ত্র তুলে নিয়েছে অসমের বিচ্ছিন্নতাবাদী মুসলিমরা।
ভাইরাল ভিডিওটির সঙ্গে অসম কিংবা ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি পাকিস্তানের দক্ষিণ খাইবার পাখতুনখোয়ায় পুলিশের শান্তি কমিটির তরফে পরিচালিত জঙ্গি বিরোধী অভিযানের দৃশ্য।