
রাজ্যে পালাবদলের পর লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করছেন মহিলারা। টাকার অঙ্ক ১৫০০ থেকে বেড়ে হয়েছে ৩০০০। ইতিমধ্যেই কয়েক লক্ষ মহিলা সেই টাকাও পেয়েছেন।
তবে ইদানীং স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে, সন্তান বেসরকারি স্কুলে পড়লে তাদের বাড়ির মহিলারা এই টাকা পাবেন না। এই পোস্টগুলোতে লেখা হয়েছে, "বেসরকারি স্কুলে শিশুদের পড়ালে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার! বড় বার্তা মুখ্যমন্ত্রীর।"
পোস্টটি শেয়ার করে অনেকেই ক্যাপশনে লিখেছেন যে, এখন থেকে বেসরকারি স্কুলে শিশুরা পড়লে তাদের পরিবার অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে না।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি অসত্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বেসরকারি স্কুলে পড়লেও তাদের পরিবার এই যোজনার আওতায় আসবে।
সত্য উদ্ঘাটন
ভাইরাল পোস্টে করার দাবির সত্যতা জানতে এই বিষয়ে কীওয়ার্ড সার্চ করা হলে ১৭ জুন প্রকাশিত সংবাদ প্রতিদিনের একটি নিউজ রিপোর্ট পাওয়া যায়। "সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণার ৩ হাজার টাকা? বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর" - শীর্ষক এই রিপোর্টে কোন পরিবার অন্নপূর্ণা যোজনার জন্য বৈধ সেই বিষয়ে বিশদে ব্যাখ্যা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে মিলবে ৩ হাজার টাকা। অন্যথায় নয়।
বিষয়টি নিয়ে শুভেন্দু ঠিক কী বলেছিলেন জানতে কীওয়ার্ড সার্চ করা হলে ডিডি বাংলা নিউজে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। যেখানে গত ১৭ জুনের এক অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু বলেন, সন্তানদের ধর্মীয় প্রতিষ্ঠান পড়ানো হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর কথায়, “যাদের বাচ্চারা সরকার বা সরকার পোষিত স্কুলে পড়ে তাঁরা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও মিলবে তবে সেক্ষেত্রে সরকার অনুমোদিত হলে তবেই। কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ভারত বিরোধী কথা শেখানো হয়, এমন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা পাবেন না। কারণ ওই পড়াশোনা মূল ধারার মধ্যে পড়ে না।” পাশাপাশি যারা করোনাকালে সরকারি টিকা নেননি তাঁরাও এই ভাতা পাবেন না বলে সাফ জানান শুভেন্দু।
অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন সরকার অনুমোদিত বেসরকারি স্কুলে শিশুরা পড়লেও তার পরিবার অন্নপূর্ণা ভান্ডার পাবে। তবে শুধুমাত্র যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেখানে শিশুদের পঠন পাঠন হলে তাদের পরিবার পাবে না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, যেসব পরিবারের সন্তান বেসরকারি স্কুলে পড়ে, তারা অন্নপূর্ণা ভান্ডার (অন্নপূর্ণা যোজনা)-র টাকা পাবে না।
শুভেন্দু অধিকারী বলেছেন, বেসরকারি স্কুলে পড়ুয়াদের পরিবারও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেসব প্রতিষ্ঠানের পড়ুয়াদের অভিভাবকরা এই সুবিধা পাবেন না।