Advertisement

হাওড়া, বাবুঘাট, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর-সহ কোন ১৬টি জেটিতে থামবে ওয়াটার মেট্রো? বড় আপডেট

বর্তমানে গঙ্গায় চলা ফেরিগুলির তুলনায় ওয়াটার মেট্রোর জলযান হবে অনেক বেশি আধুনিক, দ্রুতগামী ও আরামদায়ক। শীতাতপনিয়ন্ত্রিত এই নৌযানগুলি মূলত ব্যাটারিচালিত হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ডিজেলচালিত হাইব্রিড ব্যবস্থাও থাকবে, ফলে পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি পরিষেবাও হবে আরও নির্ভরযোগ্য।

ওয়াটার মেট্রো।-ফাইল ছবিওয়াটার মেট্রো।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 3:11 PM IST
  • গঙ্গার বুকে আধুনিক জলপথ পরিবহণের স্বপ্ন বাস্তবের আরও এক ধাপ কাছে পৌঁছল।
  • কলকাতায় ওয়াটার মেট্রো চালুর লক্ষ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া

গঙ্গার বুকে আধুনিক জলপথ পরিবহণের স্বপ্ন বাস্তবের আরও এক ধাপ কাছে পৌঁছল। কলকাতায় ওয়াটার মেট্রো চালুর লক্ষ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (IWAI)। পরিকল্পনা অনুযায়ী, শালিমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গঙ্গার ১৬টি জেটি ছুঁয়ে চলবে এই আধুনিক জলযান।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় ওয়াটার মেট্রো চালুর ঘোষণা করেছিলেন। নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠকের পর এই প্রকল্পে কলকাতার অন্তর্ভুক্তির কথা জানানো হয়। দেশের বিভিন্ন শহরে জলপথ পরিবহণ সম্প্রসারণের অংশ হিসেবে কলকাতা হবে ১৮তম শহর, যেখানে ওয়াটার মেট্রো পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে গঙ্গার ১৬টি জেটিকে এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে শালিমার, হাওড়া স্টেশন, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, আহিরীটোলা, শোভাবাজার, বাগবাজার, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘাট।

বর্তমানে গঙ্গায় চলা ফেরিগুলির তুলনায় ওয়াটার মেট্রোর জলযান হবে অনেক বেশি আধুনিক, দ্রুতগামী ও আরামদায়ক। শীতাতপনিয়ন্ত্রিত এই নৌযানগুলি মূলত ব্যাটারিচালিত হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ডিজেলচালিত হাইব্রিড ব্যবস্থাও থাকবে, ফলে পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি পরিষেবাও হবে আরও নির্ভরযোগ্য।

কেরলের কোচি ওয়াটার মেট্রো-র আদলে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। কোচিতে বর্তমানে সফলভাবে চলা এই পরিষেবায় কোচিন শিপইয়ার্ডে নির্মিত অত্যাধুনিক জলযান ব্যবহার করা হচ্ছে। একই ধরনের প্রকল্প মুম্বই, গোয়া এবং কর্ণাটকের ম্যাঙ্গালোরেও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতায় ওয়াটার মেট্রোর ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। তবে কোচিতে এই পরিষেবার ভাড়া ২০ থেকে ৬০ টাকার মধ্যে। সেখানে মাল্টি-জার্নি কার্ডের সুবিধাও রয়েছে। ফলে কলকাতাতেও সাধারণ যাত্রী ও মধ্যবিত্তের নাগালের মধ্যেই ভাড়া রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডিপিআর তৈরির কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, খুব শীঘ্রই গঙ্গার বুকেই আধুনিক ওয়াটার মেট্রোয় চড়ে যাতায়াতের সুযোগ পাবেন কলকাতাবাসী।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement