Advertisement

Abhishek Banerjee: 'ডিজে বাজবে' মন্তব্য মামলায় ধাক্কা অভিষেকের, আদালতে হাজির হয়ে দিতে হবে কণ্ঠস্বরের নমুনা

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ে তাঁর করা 'ডিজে বাজবে' মন্তব্য নিয়ে তদন্ত চলেছে। সেই মামলাতেই নির্দেশ দেওয়া হয়েছে, আদালতে হাজির হয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 7:56 AM IST
  • কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
  • 'ডিজে বাজবে' মন্তব্য মামলায় আদালতে ধাক্কা
  • ৮ জুলাই হাজিরা দিতে হবে তাঁকে

আরও দুর্ভোগ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৮ জুলাই তাঁর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ে তাঁর করা 'ডিজে বাজবে' মন্তব্য নিয়ে তদন্ত চলেছে। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল (মমতাপন্থী) সাংসদকে। কণ্ঠস্বরের নমুনা দেওয়াপ জন্য নির্ধারিত দিনে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। 

এপ্রিল মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে বলেছিলেন, '৪ তারিখের পর ডিজে বাজবে'। যা হুমকি এবং হিংসায় প্ররোচনামূলক হওয়ার অভিযোগে বিধাননগর উত্তর থানায় তাঁর নামে একটি FIR দায়ের হয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উত্তর ২৪ পরগনা জেলা আদালত তাঁকে ৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেয়। 

সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারি আইনজীবী মহম্মদ সাবির আলি জানিয়েছেন, আদালতের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৮ জুলাই বিধাননগর ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দেবেন। এর ভিত্তিতে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে। 

পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩৪৯ নম্বর ধারা অনুযায়ী এই দাবি জানায় আদালতের কাছে। এই ধারা অনুসারে, একজন ম্যাজিস্ট্রেট কোনও ফৌজদারি মামলার তদন্ত বা বিচারের উদ্দেশে যে কোনও ব্যক্তিকে তাঁর স্বাক্ষর, হস্তাক্ষর বা কণ্ঠস্বরের নমুনা প্রদানের আদেশ দিতে পারে। আদালত এই বিধানের অধীনের আদেশটি জারি করেছে। 

পুলিশের ভয়েস স্যাম্পেল নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। তিনি FIR-টি বাতিল করারও আবেদন জানান। তবে পুলিশের নোটিশের উপর স্থগিতাদেশ চেয়ে করা তাঁর আবেদনে হাইকোর্ট কোনও অন্তর্বর্তীকালীন সুরাহা মঞ্জুর করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাইকোর্টের অন্য একটি বেঞ্চে ইতিমধ্যেই বিচারাধীন একটি অনুরূপ মামলার কথা উল্লেখ করে পিটিশনটি অপর একটি বেঞ্চে পাঠিয়ে দেন। 

বিচারপতি সৌগত ভট্টাচার্যের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার মূল শুনানি চলছে। ২১ মে আদালত এই FIR-এ৩১ জুলাই পর্যন্ত যে কোনও কড়া পদক্ষেপ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তীকালী স্বস্তি দিয়েছিল। তবে এখন কণ্ঠস্বরের নমুনা প্রদানের জন্য আদালতের আদেশের পর তদন্ত কোনদিকে গড়ায়, সেটাই দেখার।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement