Advertisement

Abhishek Office: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধের নির্দেশ, কী কারণ দেখাল দমকল?

সম্প্রতি ওই ভবনে অগ্নিসুরক্ষা সংক্রান্ত অডিট করে দমকল দফতর। তাতে একাধিক গুরুতর গাফিলতি উঠে এসেছে বলে জানা গিয়েছে। দমকলের নথি অনুযায়ী, ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২৩ সালের ১০ অগাস্ট।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধের নির্দেশঅভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধের নির্দেশ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 4:13 PM IST
  • অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে মানা হয়নি অগ্নিসুরক্ষা বিধি।
  • চিঠি দিয়ে অফিস ছাড়ার নির্দেশ দমকলের।

অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের ৬ ও ৭ তলা খালি করার নির্দেশ দিল দমকল। ৯ অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির ওই ভবনটির সপ্তম এবং অষ্টম তলাতেই অভিষেকের দফতর। ওই দু'টি তলায় ভাড়া দিয়ে অফিস চালান বলে অতিসম্প্রতি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সম্প্রতি ক্যামাক স্ট্রিটের ওই ভবনে অগ্নিসুরক্ষা সংক্রান্ত অডিট করে দমকল দফতর। তাতে একাধিক গুরুতর গাফিলতি উঠে এসেছে বলে জানা গিয়েছে। দমকলের নথি অনুযায়ী, ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০২৩ সালের ১০ অগাস্ট। তারপর থেকে সেই শংসাপত্র আর নবীকরণ করা হয়নি। 

পরিদর্শনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি নজরে আসে। ভবনের ফায়ার অ্যালার্ম ব্যবস্থা কাজ করছিল না বলে অভিযোগ। অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থাও নেই। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বেরোনোর পথের কয়েকটি অংশে বাধা ছিল বলেও পরিদর্শনে উঠে এসেছে। অগ্নিসুরক্ষা সংক্রান্ত একাধিক বিধি মানা হয়নি বলেও উল্লেখ করেছে দমকল।

দমকলের তরফে জানানো হয়েছে, অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় ওই ভবনে মানুষের জীবন ও সম্পত্তির উপর বিপদের আশঙ্কা রয়েছে। সেই কারণেই ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই তলাগুলি ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়েছে দমকল বিভাগ।

দিন কয়েক আগে দিন আগে ক্যামাক স্ট্রিটের এই ভবনেই তৃণমূলের হোর্ডিং খোলা নিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অভিষেক। পরে তাঁর অনুগামীদের সঙ্গে পুলিশের হাতাহাতিও হয়। কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই ঘটনার রেশ কাটার আগেই ক্যামাক স্ট্রিটের ওই বাড়িটির মালিকের কাছে গেল দমকল বিভাগের চিঠি।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement